Iran : মেক্সিকো নয়, এখানেই ম্যাচ হবে…ইরানের আবেদন খারিজ করল ফিফা!
Fifa WC 2026 : গ্ৰুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই রয়েছে আমেরিকাতে। নিউজিল্যান্ড, মিশর ও বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ইরান দল। নিজের ফুটবল দলের সুরক্ষা সংক্রান্ত কারণে নিজেদের ম্যাচগুলি মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল ইরান।

কলকাতা : বিশ্বকাপ আসন্ন। আর বাকি প্রায় দুই মাসের কিছু বেশি। আগেই শোনা গিয়েছিল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মতবিরোধ। ইরান নিজেরা যেমন আমেরিকায় খেলতে চায়নি, তেমনই ইরানকে আমেরিকায় আসার আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো যদিও বা বলেছিলেন, বিশ্বকাপ খেলতে এলে ইরানকে আমেরিকা সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত। এর দিন কয়েক পরেই আবার মত পাল্টে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ইরান যদিও সরকারীভাবে কিছু জানায়নি তারা। ইতিমধ্যেই ফিফা জানিয়ে দিল তাদের মত।
দিন কয়েক আগে ইরান ফিফাকে স্থান পরিবর্তনের জন্য আবেদন করেছিল। কিন্তু ফিফা তাদের আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে, ইরানকে আমেরিকা এসেই বিশ্বকাপ খেলতে হবে। শুধুমাত্র তাদের জন্য ম্যাচের স্থান পরিবর্তন করবে না ফিফা। আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণ ও ইরানের উপর ট্রাম্পের হুঁশিয়ারির জন্যই বিশ্বকাপ থেকে নাম তুলতে চেয়েছিল ফিফা।
গ্ৰুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই রয়েছে আমেরিকাতে। নিউজিল্যান্ড, মিশর ও বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ইরান দল। নিজের ফুটবল দলের সুরক্ষা সংক্রান্ত কারণে নিজেদের ম্যাচগুলি মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল ইরান। কিন্তু ফিফা জানিয়ে দিয়েছে,”ম্যাচ নির্ধারিত স্টেডিয়ামেই হবে। সূচি পরিবর্তন সম্ভব নয়।”
কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছিলেন,”ইরানের ফুটবল দলকে আমেরিকায় স্বাগত কিন্তু এই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত নয়।” যার প্রত্যুত্তরে ইরান জানিয়েছিল,”বিশ্বকাপকে নিয়ন্ত্রণ করে ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরান নিজের যোগ্যতায় বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। ইচ্ছা হলেই কেউ ইরানকে বাদ দিতে পারবে না।”
ইরান ফুটবলের সভাপতি মেহদী তাজ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন,”আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের ফুটবল দলকে নিরাপত্তা দিতে পারবেন না। অর্থাৎ, তিনি ইরানের ফুটবল দলকে আমেরিকা যেতে বারণ করেছেন। সেই জন্যই আমরা আবেদন করেছি যেন ইরানের সব ম্যাচ সরিয়ে মেক্সিকো বা কানাডাতে দিয়ে দেয়।” তবে ইরানের আবেদনকে অগ্রাহ্য করে আমেরিকা জানাল, তারা কোনও সূচি পরিবর্তন করছে না। ইরানকে বিশ্বকাপ খেলতে হলে আমেরিকা এসেই ম্যাচ খেলতে হবে।
