Subrata Gupta Appointed Advisor to CM: মুখ্যমন্ত্রী শুভেন্দুর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত
Former IAS Officer Subrata Gupta Becomes CM Advisor in Bengal: ভোট-পর্বের পর শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন সুব্রত গুপ্তের সঙ্গে। জানা গিয়েছে, সুব্রত গুপ্তের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তখন তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেন। গত ৭ মে নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

কলকাতা: ছাব্বিশের নির্বাচনে বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাঁর প্রশংসা করে বিভিন্ন মহল। এবার বাংলায় নতুন সরকার গঠন হতেই বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল আরএন রবি।
ছাব্বিশের নির্বাচনে অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বাংলায় ভোট-পর্ব অবাধ ও সুষ্ঠু করতে বাংলায় মাটি কামড়ে পড়েছিলেন সুব্রত গুপ্ত। এবার বাংলায় রক্তপাতহীন ভোট হয়েছে। ভোট-পর্বে কারও মৃত্যু হয়নি। ভোট লুঠের কোনও অভিযোগ উঠেনি। ভোটাররা এর জন্য কমিশনকে ধন্যবাদ জানান। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট-পর্ব শেষ করার পিছনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও বিশেষ পর্যবেক্ষকেরও বড় ভূমিকা রয়েছে বলে ওয়াকিবহাল মহলের মত।
ভোট-পর্বের পর সুব্রত গুপ্তর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর-
ভোট-পর্বের পর শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন সুব্রত গুপ্তের সঙ্গে। জানা গিয়েছে, সুব্রত গুপ্তের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তখন তাঁকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেন। গত ৭ মে নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তারপরই এদিন রাজ্যপালের আদেশানুসারে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
ভোটের প্রচারের সময় নাম না করে একাধিকবার সুব্রত গুপ্তকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত। টিভি৯ বাংলাকে ব্রিগেডে এসে বলেছিলেন, “এটা গণতন্ত্রের অন্যতম ধাপ। এখানে আসতে পেরে ভালো লাগছে।” সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির সদ্য জয়ী বিধায়ক সজল ঘোষ বলেন, “আগের সরকার তাঁকে কাজে লাগায়নি।”
