SIR : পিছিয়ে যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন? ভয়ে রয়েছেন বিচারকরা, বলছেন ইদে তালিকা প্রকাশিত হলেই…
SIR : বাংলায় আতঙ্কে রয়েছেন এসআইআর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। গতকালই দুই দফায় ডিজি ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিইও ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেও বৈঠক করেন। জানা গিয়েছে, বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পালের সামনে উদ্বেগ প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। ইদের সময় তালিকা প্রকাশে মত নেই বিচারকদের।

কলকাতা : সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলতি সপ্তাহে অতিরিক্ত ভোটার তালিকা নাও বেরোতে পারে। কমিশন সূত্রে খবর, ৮০ হাজার বুথের মধ্যে এখনও পর্যন্ত ৬০ হাজার বুথের তালিকা তৈরি বাকি রয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিচারকরা চাইছেন না ইদের মধ্যে তালিকা প্রকাশিত হোক। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা। ইদের মধ্যে তালিকা বেরোলে হুমকির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
আগে জানা গিয়েছিল, শুক্রবারই বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে। আর তাতে বাদ যেতে পারে প্রায় ৮ লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। সেক্ষেত্রে প্রথম তালিকায় ৪০ শতাংশ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, কমিশন সূত্রে খবর, কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। ৮০ হাজার ৭০০ বুথের মধ্যে তালিকা তৈরি হয়েছে ২০ থেকে ২৫ হাজার বুথের। জানা গিয়েছে, আগে ৮০ হাজারের তালিকা তৈরি করবে হাইকোর্ট। তারপর তা কমিশনকে পাঠানো হবে। কমিশনের কাছে তালিকা পৌঁছতেই তা আপলোড করা হবে। আপলোড করতে অন্তত ৬ ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। আগামিকাল ছুটির দিনে কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে চলতি সপ্তাহে তালিকা প্রকাশিত নাও হতে পারে।
ভয়ে জুডিশিয়াল অফিসাররা
বাংলায় আতঙ্কে রয়েছেন এসআইআর কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। গতকালই দুই দফায় ডিজি ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিইও ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেও বৈঠক করেন। জানা গিয়েছে, বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পালের সামনে উদ্বেগ প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। ইদের সময় তালিকা প্রকাশে মত নেই বিচারকদের। তাঁদের আশঙ্কা, ইদের সময় তালিকা বেরোলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। হুমকির মুখে পড়তে হতে পারে তাঁদের।
বিচারকদের আশঙ্কা প্রকাশ প্রসঙ্গে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন,”বিচারকরা যদি আশঙ্কা প্রকাশ করেন, তাহলে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোন জায়গায় গিয়েছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, কোনও একটি সম্প্রদায় ক্ষেপে গেলে এক সেকেন্ডের মধ্যে বারোটা থেকে তেরোটা হয়ে যাবে।” জনসাধারণের কাজে তাঁর আর্জি, “শীত ঘুম থেকে জেগে উঠুন, কোন বিপদের মধ্যে রয়েছেন তা বোঝার চেষ্টা করুন।”
বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেন, “আগে তালিকা প্রকাশ হয়েছে। বিচারকদের উপর হামলা হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই। এই প্রচার যাঁরা করছেন, সেটা অসত্য। আর বিচারকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ ও হাইকোর্টের। এখানে আমাদের কোনও কাজ নেই।”
