WB Assembly New Bill: থাকছে ‘গুণ্ডা’ শব্দটিও, সোমবার কড়া বিল আনছে শুভেন্দু-সরকার
Anti Corruption Bill: বেআইনি আয়ের উৎস থেকে সম্পত্তি দখল রুখে 'গুণ্ডাদমনে' আরও কড়া আইন আনছে রাজ্য সরকার। গুন্ডামি, ঘুষ নিয়ে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে এই বিল তৈরি হয়েছে। তাতে ন্যায় সংহিতা অনুযায়ী আইনের সমস্ত ধারা প্রয়োগ করা যাবে।

কলকাতা: ক্ষমতায় আসায় দেড় মাসের মধ্যেই পরপর নতুন বিল আনছে রাজ্যের বিজেপি সরকার। আগামী সোমবার একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে রাজ্য বিধানসভায়। সেখানেই আনা হচ্ছে নয়া বিল। দুর্নীতি দমনে কড়া বিল আনা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সোমবার আসছে সেই দুর্নীতি-বিরোধী বিল।
মুখ্যমন্ত্রী বলেছেন, “কোনও চোরকে ছাড়া হবে না। আমরা শপথ নিয়েছি, কোনও চোর জেলের বাইরে থাকবে না। অনেকে ভাবছেন জেলে গিয়ে, ২ মাস জামিনে বেরিয়ে এলাম। তা হবে না। বিল আনছি। সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করব।”
কী থাকছে এই বিলে?
বেআইনি আয়ের উৎস থেকে সম্পত্তি দখল রুখে ‘গুণ্ডাদমনে’ আরও কড়া আইন আনছে রাজ্য সরকার। গুন্ডামি, ঘুষ নিয়ে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে এই বিল তৈরি হয়েছে। তাতে ন্যায় সংহিতা অনুযায়ী আইনের সমস্ত ধারা প্রয়োগ করা যাবে।
গুন্ডামি নিয়ে কড়া পদক্ষেপ করতে ‘গুণ্ডা’ শব্দকে বিলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শাস্তি হিসেবে ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। ন্যায় সংহিতাতেও এই নিয়ে কড়া শাস্তির বিধান রয়েছে।
দুর্নীতি বিরোধী অভিযানে কেউ বাধা দিলে তাকে রুখতে সবরকমের আইনি পথে যেতেও যাতে প্রশাসন পিছপা না হয় তার জন্য ‘গুণ্ডা’ শব্দটিকে বিলে রেখে তাকে আইনে পরিণত করতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। চলতি অধিবেশনেই সেই বিল আসার কথা।
সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যু বা শাস্তিও থাকবে ওই বিলে। রাজ্য সরকারি, কেন্দ্র সরকারি, বেসরকারি সবরকম সম্পত্তির ক্ষেত্রেও একই ধারা, একই শাস্তি বহাল হবে।
বেআইনিভাবে দখলদারি, ভাঙচুর রুখে পাল্টা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি বিধান থাকছে।
আনলফুল জমায়েত দাঙ্গা, বিক্ষোভ, প্রতিবাদ দমন করবে সরকার। ভাঙচুরের ৩ মাসের মধ্যে সম্পত্তি দখলের দাবি জানানো যাবে।
