Suvendu Adhikari: ‘কীসের আজ়াদি? কেন যাদবপুরে কিষেণজিকে রেড স্যালুট দেওয়া হয়’, প্রশ্ন তুলে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Azadi: যাদবপুরে কেন কিষেণজিকে রেড স্যালুট দেওয়া হয়? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়। গর্বের। সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষেণজি। কী শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষেণজি কে? যিনি বলেন ভারতকে ভাগ করব।"

কলকাতা : বাংলায় আজ়াদি স্লোগান বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার টিভি৯ বাংলার কনক্লেভে এসে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার ভবানীপুর বিধানসভায় রাখিবন্ধন উৎসবে এসে যাদবপুরে আজ়াদি (Azadi) স্লোগান নিয়ে আরও একবার কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “খারাপ লাগে যখন কলকাতার রাস্তায় আজ়াদি স্লোগান ওঠে। কীসের আজ়াদি? কেন যাদবপুরে কিষেণজিকে রেড স্যালুট দেওয়া হয়? কী শেখাচ্ছেন আগামী প্রজন্মকে?” এই প্রশ্ন তুলে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, শুক্রবার বিকেলেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যাদবপুরে (Jadavpur ) ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম পাঠ হবে।
‘কীসের আজাদি?’
আজ়াদি স্লোগান নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভারতমাতাকে শক্তিশালী করা খুব প্রয়োজন। আমার খুব কষ্ট লাগে যখন দেখি কলকাতার রাস্তায় আজ়াদি আজ়াদি। কীসের আজাদি? কাশ্মীরের জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের এত লড়াই, সেখানে আপনি কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন। এ খুব পীড়াদায়ক।”
যাদবপুরে কেন কিষেণজিকে রেড স্যালুট?
যাদবপুরে কেন কিষেণজিকে রেড স্যালুট দেওয়া হয়? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়। গর্বের। সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষেণজি। কী শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষেণজি কে? যিনি বলেন ভারতকে ভাগ করব।”
পূর্ণাঙ্গ বন্দে মাতরম নিয়ে আপত্তি কেন? ফের প্রশ্ন তুলে শুভেন্দু বলেন,”এটা তো কোনও রাজনৈতিক নেতা লেখেননি। সাহিত্য সম্রাট লিখে দিয়ে গিয়েছেন। দেশের ভিতরে থেকে যাঁরা দেশপ্রেম, জাতীয়তাবাদ আক্রমণ করেন, তাঁদেরকেও আমাদের আস্তে আস্তে বাড়ির আবর্জনা পরিষ্কার করার মতো পরিষ্কার করার শপথ নিতে হবে।”
