Swarup Biswas: চেয়েছিলেন ৮০ লক্ষ টাকা, মহিলাকে একা আসতে বলেছিলেন সুরুচি সংঘে, স্বরূপের আর এক ‘কীর্তি’ ফাঁস
Swarup Biswas Extortion Allegation: জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায়ও দুটি মামলা রুজু হয়েছে। প্রতারণা, তোলাবাজি, আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়েছে। নয়া দুই মামলায় স্বরূপকে জেরা করতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানার আবেদন মঞ্জুর করেছে আলিপুর আদালত।

কলকাতা: সময় যত গড়াচ্ছে, স্বরূপ বিশ্বাসের ‘স্বরূপ’ সামনে আসছে। শুধু টলিউডেই ‘রাজত্ব’ চালাতেন না তিনি। তার সঙ্গে তোলাবাজি, আর্থিক তছরুপের অভিযোগও উঠছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। এবার স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা। নিউ আলিপুর থানায় অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন, রাস্তার ধারে খাবারের দোকান দেওয়ার জন্য তাঁর কাছে ৮০ লক্ষ টাকা চেয়েছিলেন স্বরূপ। শুধু তাই নয়, সুরুচি সংঘে মহিলাকে একা তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন।
অভিযোগপত্রে কী জানিয়েছেন মহিলা?
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী মহিলার বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। গত ১৪ ফেব্রুয়ারি স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, বছর দেড়েক আগে নিউ আলিপুরে রাস্তার ধারে খাবারের স্টল দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেজন্য গত বছরের ফেব্রুয়ারিতে ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে দেখা করেন তিনি। তখন জুঁই বিশ্বাস তাঁকে জানিয়ে দেন, এই বিষয়ে অনুমতি দেওয়ার ক্ষমতা নেই তাঁর। এর জন্য ওই মহিলাকে স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে বলেন। তৃণমূল কাউন্সিলর জুঁইয়ের স্বামী স্বরূপই বকলমে ওয়ার্ডের সব কিছু দেখাশোনা করতেন বলে অভিযোগ।
জুঁইয়ের কথা মতো স্বরূপের সঙ্গে দেখা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, খাবারের স্টলের অনুমতির জন্য ৮০ লক্ষ টাকা চান স্বরূপ। শুধু তাই নয়, মহিলাকে একা সুরুচি সংঘে এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। স্বরূপের মনোভাব বুঝে আর দেখা করেননি মহিলা। রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মহিলা। পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখা হয়। তদন্তে উঠে আসে, এটা গ্রেফতারযোগ্য অপরাধ।
এদিকে, জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায়ও দুটি মামলা রুজু হয়েছে। প্রতারণা, তোলাবাজি, আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়েছে। নয়া দুই মামলায় স্বরূপকে জেরা করতে চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানার আবেদন মঞ্জুর করেছে আলিপুর আদালত। নয়া মামলায় তদন্তে সহযোগিতা না করলে স্বরূপকে নিজেদের হেফাজতে নেবে রিজেন্ট পার্ক থানা।
