TMC Reaction on DA: এখনই ২৫ শতাংশ DA দিতে হবে রাজ্যকে, শোনার পরই তৃণমূলের অরূপ বললেন…
Kolkata: এ দিন টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "আদালতের সমালোচনা করতে পারেন না। সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে এই রায়ের মাধ্যমে কোর্ট বুঝিয়েছে- কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের জন্য় এই মুহূর্তে একশো শতাংশ বকেয়া ডিএ দেওয়া অসম্ভব।

কলকাতা: বকেয়া মহার্ঘ্য ভাতা এরিয়ার সমেত দিতে হবে রাজ্যকে। তার মধ্যে ২৫ শতাংশ দিতে হবে এখনই। ডিএ (DA) নিয়ে বড় রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই রায় কি রাজ্যের জন্য বড় ধাক্কা? অন্তত তেমনটা মানছে না তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে কেন্দ্র কীভাবে রাজ্যের সঙ্গে বঞ্চনা করে। তাই ২৫ শতাংশের কথা নিজে বলেছে।
এ দিন টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আদালতের সমালোচনা করতে পারেন না। সুপ্রিম কোর্টকে একটা জায়গায় ধন্যবাদ যে এই রায়ের মাধ্যমে কোর্ট বুঝিয়েছে- কেন্দ্র ও রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তাতে রাজ্যের জন্য় এই মুহূর্তে একশো শতাংশ বকেয়া ডিএ দেওয়া অসম্ভব। তার জন্য ২৫ শতাংশের কথা কোর্ট নিজে বলেছে। কারণ কিছুদিন আগে সুপ্রিম কোর্টই একশো দিনের টাকা দিয়ে দেওয়ার কথা বলেছিল। সেই ৫২ হাজার কোটি টাকা এখনও দেয়নি। আজ তাই সুপ্রিম কোর্টের এই রায় ভারসাম্য রক্ষা করেছে। রাজ্য তো কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল।”
১১০৬ দিন ধরে চলছে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন। আজ কোর্টের এই রায়ের পর চওড়া হাসি কর্মচারীদের মুখে। এ দিন দুই বিচারপতির বেঞ্চ একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই গোটা বিষয়টি তদারকি করবে। ১৫ মে-র মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। তবে, মহার্ঘ্য ভাতা মৌলিক অধিকার কি না তা এখনই নির্ধারণ করেনি সুপ্রিমকোর্ট। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আজ বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন। কোর্ট বলেছে, ডিএ দিতে হবে। কর্মচারীদের জয় হয়েছে। ২৫ শতাংশ এরিয়ার সহ ডিএ ৩১ শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।”
