West bengal Universites:আর এক বিশ্ববিদ্যালয়ে নয়, অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্য আসছে বদলি বিল
Kolkata: গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, "ঐতিহাসিক বিল আসছে। রাজ্যপালের সম্মতি পাওয়া গেছে। অধ্যাপক-শিক্ষাকর্মীদের বদলি নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। আমি বলেছি, আমাকে ১০-১৫ মিনিট কথা বলার সময় দিতে হবে।"

সুমন মহাপাত্র ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট
কলকাতা: রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার পেশ হতে চলেছে অধ্যাপক বদলি বিল। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হবেন রাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকরা। বিলের মাধ্যমে কার্যকর হবে ‘এক রাজ্য এক শিক্ষা ব্যবস্থা নীতিও’। একই সঙ্গে উচ্চ-শিক্ষাদফতরের আওতায় আনা হবে আলিয়া বিশ্ববিদ্যালয়কে (Alia University)।
বৃহস্পতিবার বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানে পেশ হবে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেটমেন্ট বিল’।
কী থাকছে এই বিলের আওতায়?
২০১৭ সালের সংশ্লিষ্ট আইনে নতুন ১৪এ ধারা যুক্ত করা হচ্ছে
নতুন বিধান অনুযায়ী, প্রশাসনিক প্রয়োজনের কারণে চ্যান্সেলর রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে কোনও বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবেন
বদলি হওয়া কর্মীকে নির্ধারিত শর্ত অনুযায়ী চাকরির সুযোগ-সুবিধা বজায় রাখার কথা বলা হয়েছে
একই সঙ্গে কর্মীর সামনে দুটি বিকল্প থাকবে—তিনি চাইলে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে নিযুক্ত হয়েছিলেন সেখানে নিজের লিয়েন (সম্পত্তি বা পদের উপর অধিকার) বজায় রাখতে পারবেন, অথবা যে বিশ্ববিদ্যালয়ে বদলি করা হয়েছে সেখানে থাকতে পারবেন
বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর ট্রান্সফার গ্র্যান্ট ও ব্যক্তিগত সামগ্রী পরিবহণের খরচ পাওয়ার যোগ্য হবেন
সরকারের বক্তব্য, এর ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে মানবসম্পদের আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের চাকরির শর্ত, সিনিয়রিটি ও অন্যান্য অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ঐতিহাসিক বিল আসছে। রাজ্যপালের সম্মতি পাওয়া গেছে। অধ্যাপক-শিক্ষাকর্মীদের বদলি নীতি চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিশেষ অধিবেশন বসবে। আমি বলেছি, আমাকে ১০-১৫ মিনিট কথা বলার সময় দিতে হবে।” এই বিলের মাধ্যমেই কার্যকর হবে ‘এক রাজ্য এক শিক্ষাব্যবস্থা নীতি’ ওয়েবকুপার নেতা কেশব ভট্টাচার্য বলেন, “এটা অবাস্তব পরিকল্পনা ও অবাস্তব প্রস্তাব। কারণ, প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজের বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক নিয়োগ দেয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ঘরানা আছেন। হঠাৎ করে তাঁদের তুলে নিয়ে গিয়ে অন্যত্র নিয়ে গেলে কার্যকরী হবে না। আর বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিজস্ব গবেষণা প্রকল্পে কাজ করেন। ফলে তাঁকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করে দিলে চলবে কীভাবে? স্কলারদের কী হবে? আর সব বিষয় তো সব বিশ্ববিদ্যালয়ে পড়ানোও হয় না।”
এ দিকে, দীর্ঘদিন ধরে আলিয়া বিশ্ববিদ্যালয় ‘সংখ্যালঘু বিষয়ক দফতরের’অধীনে ছিল। তাকেই এবার উচ্চ-শিক্ষা দফতরে আওতায় আনা হবে। মূলত, UGC-র তরফে যে প্রজেক্ট দেওয়া হচ্ছিল তা আলিয়া বিশ্ববিদ্যালয়ে কার্যকর করা যাচ্ছিল না। তাই উচ্চ-শিক্ষাদফতরের আওতায় আনলে সেই অসুবিধা হবে না।
