CM Suvendu Adhikari: ‘বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে’, ইতিহাসে বন্দেমাতরম না পড়িয়ে ‘এদের’ পড়ানো নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রীর!
TV9 Mega Conclave: মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "বন্দে মাতরম অনেকেই পুরোটা গাইতে পারবেন না। আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। মানে বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন আর ঔরঙ্গজেব। এরা কেউ ভারতীয় ছিল না।"

কলকাতা: সরকারের ১০০ দিন পূর্তি। বাংলা কোন পথে এগোচ্ছে, তার রিপোর্ট কার্ড বিশ্লেষণ করতেই টিভি৯ বাংলার তরফে আয়োজন করা হয়েছে মেগা কনক্লেভের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত রয়েছেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস। এছাড়াও রাজ্যের প্রায় সকল মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, রাজ্যের স্কুলগুলিতে এখন বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তার কারণও ব্যাখ্যা করেন।
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “বন্দে মাতরম অনেকেই পুরোটা গাইতে পারবেন না। আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। মানে বাবর, আকবর, শাহজাহান, হুমায়ুন আর ঔরঙ্গজেব। এরা কেউ ভারতীয় ছিল না। এরা হানাদার ছিল। ব্রিটিশরা লুট করার আগে এরা লুট করেছে। এদের একটাই কাজ ছিল, মন্দির ধ্বংস করো, ধর্ম পরিবর্তন করো, মা-বোনেদের তুলে নিয়ে চলে যাও। তাই দেশপ্রেম, সাংস্কৃতিক বোধও আধুনিক শিক্ষার সঙ্গে দরকার আছে। তাই বন্দেমাতরম প্রার্থনায় গাওয়া বাধ্যতামূলক।”
এর ফল কী মিলেছে, তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২০২৫ সালের ৬ মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তিন মাস ভর্তি বন্ধ, কারণ কী, ওবিসি জট। প্রাইভেট ইন্সটিটিউশনে ভর্তি চলছে, সরকারি ভর্তি বন্ধ। আমরা যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করেছি, তিনদিনের মধ্যে ভর্তি চালু। সেই কারণে এবার উচ্চমাধ্যমিকে গ্রস এনরোলমেন্ট ৬৮ শতাংশ বেড়ে গিয়েছে। ১০০ দিনে পরীক্ষা হয় না। জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হলে, ডিসেম্বরে পরীক্ষা হয়। পরীক্ষায় অবশ্য বসব।”
