Train Derailed: লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন
Balurghat: রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। সেইজন্য বালুরঘাট স্টেশনে থাকা একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে আউটলাইন থেকে ৩ নম্বর প্লাটফর্মে শানটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

বালুরঘাট: আচমকা লাইনচ্যুত হয়ে গেল ফরাক্কা এক্সপ্রেসের (Farakka Express) ইঞ্জিন। সোমবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে বালুরঘাট (Balurghat) স্টেশনের কাছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইন থেকে নেমে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, স্টেশন চত্বরে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি অন্য ট্রেনও দেরিতে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন বালুরঘাটে এসে ইঞ্জিনটিকে লাইনে তোলার চেষ্টা করছে।
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। সেইজন্য বালুরঘাট স্টেশনে থাকা একটি ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে আউটলাইন থেকে ৩ নম্বর প্লাটফর্মে শানটিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আউটলাইনেই আচমকাই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়।
ইঞ্জিনের সামনের অংশ লাইন থেকে নীচে নেমে যাওয়ায় পুরো ট্রেনটি সেখানেই থেমে যায়। তবে দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে কেউ আহত হননি। এমনকী বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। লাইনচ্যুত ইঞ্জিনটি দ্রুত লাইনে তোলার প্রক্রিয়াও শুরু করেছেন রেলের কর্মীরা। কার গাফিলতিতে বা কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে রেলের কর্মীরা একে অন্যের উপর দায় চাপিয়েছেন।
