
কলকাতা: মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদ পেয়েছেন মনোজ পন্থ। মুখ্যসচিব পদে রয়েছেন নন্দিনী চক্রবর্তী। কিন্তু এসআইআর আবহে এবার বিতর্কে সেই মনোজ পন্থ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছে বিজেপি। এক্তিয়ারের বাইরে গিয়ে একটি বৈঠকে উপস্থিত থাকার অভিযোগ উঠেছে পন্থের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবার বিজেপিকে জবাব দিল রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এসআইআর-এর যাচাইয়ের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পুরো প্রক্রিয়ার জন্য দফায় দফায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক সেরেছেন প্রশাসনিক আধিকারিকরা। সেই বৈঠকে কেন মনোজ পন্থকে পাঠানো হল? প্রশ্ন তুলেছে বিজেপি।
হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল ও অ্যাডিশনসাল সলিসিটর জেনারেলকে। কিন্তু সেই বৈঠকে মনোজ পন্থ ছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত বলেন, “কোন পদাধিকার বলে এই বৈঠকে উপস্থিত ছিলেন মনোজ পন্থ? এভাবে প্রধান বিচারপতির উপর চাপ তৈরি করা হচ্ছে। অবিলম্বে এফআইআর করে মনোজ পন্থকে গ্রেফতার করা উচিত।”
সুকান্ত মজুমদারের অভিযোগের উত্তরে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমতি নিয়েই মনোজ পন্থ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এসআইআর সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ একাধিক শীর্ষ আধিকারিকও।