Cyclone Akvan Effect: শুধু দিঘাতেই ১৭৬ মিলিমিটার বৃষ্টি, এই মুহূর্তেও জারি অ্যালার্ট, বাংলায় দুর্যোগ আর কতদিন
Weather Update: কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। রবিবার-সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে।

কলকাতা: সাইক্লোন আকভানের (Cyclone Akvan) প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও, বৃষ্টির দাপট বেশ বুঝিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড়ের উপস্থিতি। শীত যখন আসন্ন, তখন এমন দিনভর বৃষ্টি ক্ষতিও করেছে অনেক। আর এখনই এই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আকভান শক্তি হারালেও রয়ে গিয়েছে নিম্নচাপ, তার জেরেই বাংলার একাধিক জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা।
কোথায় কোথায় প্রভাব পড়বে
জানা গিয়েছে, দ্রুত দুর্বল হচ্ছে আকভান। শুক্রবার ওড়িশায় ল্যান্ডফলের পর রাতের মধ্যেই সেটি অতি গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে। তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায়।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। রবিবার-সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। আগামী রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
আগামী সপ্তাহেই নামবে পারদ
মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। আর তারপর থেকেই নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। বুধবার থেকে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ। ১৫ ডিগ্রির ঘরে নামবে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা।
২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি
দিঘায় ১৭৬ মিলিমিটার কাঁথি ১০৫ মিলিমিটার সাগরদ্বীপ ৮৫ মিলিমিটার বর্ধমান ৭৫ মিলিমিটার মেদিনীপুর ৫৫ মিলিমিটার কলাইকুণ্ডা ৫৫ মিলিমিটার উলুবেড়িয়া ৫২ মিলিমিটার আলিপুর ৪১ মিলিমিটার কল্যাণী ৪১ মিলিমিটার
বিমান পরিষেবাতেও প্রভাব
প্রতিকূল আবহাওয়ার জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে দিল্লি থেকে রাঁচিগামী ইন্ডিগো ৬ই ২০৩৯ বিমান কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করেছে। ওই বিমান দিল্লি থেকে রাঁচির উদ্দেশে রওনা হয়েছিল সকাল ৫টা ২৭ মিনিটে। কিন্তু প্রতিকূল আবহাওয়া অবতরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ১৭১ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করে সকাল ৮টা ২৪ মিনিটে।
