Pending DA for Retired Employees: বড় খবর, বকেয়া DA-এর টাকা ঢুকতে শুরু করল অ্যাকাউন্টে! প্রথমেই সরকারি কর্মীদের কাদের প্রাধান্য দিয়েছে নবান্ন?
West Bengal DA Arrears: এটা নিয়ে একটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। কত শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে, তা কর্মচারী সংগঠনগুলিই অন্ধকারে। রাজ্য সরকারের পক্ষ থেকে কত শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে, তা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঠিক কী নিয়মে এই হিসাব কষা হচ্ছে, তা সংগঠনগুলির কাছে এখনও স্পষ্ট নয়।

কলকাতা: রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) মেটাতে শুরু করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। তবে এই দফায় সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী এই সুবিধা পাচ্ছেন না।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবসর নেওয়া কর্মীরাই এই বকেয়া টাকা পাচ্ছেন। একমাত্র যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন, তাঁদের অ্যাকাউন্টেই এই বকেয়া ডিএ-এর টাকা ঢুকছে বলে জানা গিয়েছে।
কিন্তু এটা নিয়ে একটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। কত শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে, তা কর্মচারী সংগঠনগুলিই অন্ধকারে। রাজ্য সরকারের পক্ষ থেকে কত শতাংশ হারে এই মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে, তা নিয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ঠিক কী নিয়মে এই হিসাব কষা হচ্ছে, তা সংগঠনগুলির কাছে এখনও স্পষ্ট নয়।
যে সমস্ত কর্মচারী সংগঠন বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আইনি লড়াই চালাচ্ছেন, তাঁদেরকেও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে সূত্রের খবর।
আগামী ১ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মীদের সংগঠনগুলির বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে কর্মচারীরা। বর্তমান কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন, ওই বৈঠকে তা স্থির করা হতে পারে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে আপাতত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য সময় চেয়ে নিয়েছেন।
