Terrorist In Bengal: নয়া জঙ্গি মডিউল ‘শাহাদাতের’ সদস্য? মাধ্যমিকে ৮০ শতাংশ পাওয়া কে এই মহম্মদ
Terrorist In Bengal: জানা যাচ্ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল বছর একুশের এই যুবক। প্রথম বর্ষের ছাত্র। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আশি শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেছিল মহম্মদ হাবিবুল্লাহ। নব্য এই সংগঠন ডিজিটাল মাধ্যমের দ্বারা জাল বিস্তার করতে চেয়েছিল। ইউটিউব চ্যানেল খোলারও প্রক্রিয়া শুরু করেছিল।

কলকাতা: পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতের নাম মহম্মদ হাবিবুল্লাহ। রাজ্যপুলিশের এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। সেই গোষ্ঠীর সঙ্গেই মহম্মদ হাবিবুল্লাহর যোগ রয়েছে বলে খবর। গোয়েন্দা দফতর সূত্রে খবর, ধৃত মহম্মদ হাবিবুল্লাহই ভারতে শাহাদাত পরিচালনা করত। বলা ভাল, এ দেশে জঙ্গি মডিউলের ‘মাথা’ সেই।
জানা যাচ্ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল বছর একুশের এই যুবক। প্রথম বর্ষের ছাত্র। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আশি শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেছিল মহম্মদ হাবিবুল্লাহ। নব্য এই মডিউল ডিজিটাল মাধ্যমের দ্বারা জাল বিস্তার করতে চেয়েছিল। ইউটিউব চ্যানেল খোলারও প্রক্রিয়া শুরু করেছিল।
গোয়েন্দা সূত্রে খবর, আইএসআইএস-এর মতো পতাকা তৈরি করেছিল। ধৃত হাবিবুল্লাহ-র থেকে মিলেছে ল্যাপটপ ও মোবাইল। এছাড়াও তিরিশটি ই-মেল আইডির তথ্য। বাংলাদেশে এই মডিউল ‘শাহাদাত’-এর দুই সদস্য জালে পড়তেই জানা যায় নব্য এই মডিউলের সক্রিয়তা। সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে তালিবানের হাতে প্রশিক্ষণের কথা বলা হত।
রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, এই জঙ্গি ‘বিপ’ নামে একটি গোপন রহস্যময় মেসেজিং প্লাটফর্মের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে বলে সূত্রের খবর। গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় অভিযান চালান রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেই অভিযানেই কাঁকসার বাড়ি থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিদুল্লাকে।
