
কলকাতা: রেশন দুর্নীতি হোক কিংবা নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় নাম জড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রীদের। নিয়োগ মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অপরদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ। এদের অনেকেই জেল খেটে এসেছেন। জীবন এখনও জেলে রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক দুর্নীতিতে অভিযুক্ত কে পেল কে পেল না…
১) নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে ছিলেন প্রায় তিন বছরের কাছাকাছি। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল পার্থ বেহালা পশ্চিম থেকে টিকিট পাবেন কি না। তবে, দেখা গেল সেখানে দাঁড় করানো হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে।
২) নিয়োগ মামলায় অপর অভিযুক্ত হলেন মানিক ভট্টাচার্য। যিনি পলাশিপাড়ার বিধায়ক ছিলেন। তিনিও দীর্ঘদিন জেলে ছিলেন। তবে, এবার তিনি টিকিট পাননি। তাঁর বদলে টিকিট পেয়েছেন রুকবানুর রহমান।
৩) মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্র। সেখানকার নতুন মুখ তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। প্রতিমা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। ২০২১ সালে জীবনকৃষ্ণ সাহার কাছে পরাজিত হন এই প্রতিমা। মাস কয়েক আগে তৃণমূলের যোগদান করেন। জীবনকৃষ্ণ নিয়োগ মামলায় বর্তমানে জেলে রয়েছেন।
৪) দেগঙ্গায় প্রার্থী করা হয়েছে আনিসুর রহমানকে। তিনি তৃণমূলের প্রার্থী। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। জেলও খেটেছেন তিনি। তবে এবার টিকিট পেয়েছেন।
৫) অপরদিকে, হাবড়া থেকে আবার লড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছেন। তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল।