CM Suvendu Adhikari: লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CM Suvendu Adhikari on social welfare schemes: বছর পাঁচেক আগে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা মাসে ১৭০০ টাকা করা হয়। এবং অন্য মহিলারা মাসে ১৫০০ টাকা পান। ভোটের আগে বিজেপি তাদের সংকল্পে পত্রে জানিয়েছিল, ক্ষমতায় এলে তারা মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা দেবে।

কলকাতা: সরকার বদল হয়েছে। এবার কি হবে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারের? ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তবে স্বচ্ছতার সঙ্গে হবে বলে তিনি জানান।
বছর পাঁচেক আগে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা মাসে ১৭০০ টাকা করা হয়। এবং অন্য মহিলারা মাসে ১৫০০ টাকা পান। ভোটের আগে বিজেপি তাদের সংকল্পে পত্রে জানিয়েছিল, ক্ষমতায় এলে তারা মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা দেবে।
ভোটের ফল ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচজন শপথ নেন। এদিন নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলি জানান তিনি। সেখানে বিগত সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা নেওয়া হয়নি।
চালু থাকা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বিগত সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে নির্দিষ্ট কোনও সামাজিক প্রকল্পের নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১০ বছর কিংবা ৩০ বছর আগের সরকারের নেওয়া যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে, সেগুলো আমরা বন্ধ করছি না। কিন্তু, স্বচ্ছতার সঙ্গে হবে।” অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজসাথীর মতো তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পের নাম উল্লেখ না করেও নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, আগের সরকারের কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কিন্তু, তিনি স্পষ্ট করে দেন, ভিনদেশের কেউ এখানে থেকে যাতে এই সামাজিক প্রকল্পগুলির সুবিধা না পান, তা দেখা হবে। মুখ্যমন্ত্রীর এদিন বক্তব্যের পর জল্পনা শুরু হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই কি পরিমার্জিত করে অন্নপূর্ণ ভান্ডার করা হবে?
এদিন শুভেন্দু আরও জানান, পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হবে আগামী সোমবার। আরজি কর, নারী নির্যাতন, ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে তিনি জানান।
