AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY Hacks: জানালার গ্রিলে মরচে ধরেছে? এই কৌশল জানলে আর লোক ডাকতে হবে না!

Rust removal tips: বৃষ্টি আর রাস্তার ধুলোবালির চোটে জানালার সাধের গ্রিলে মরচে ধরেছে? দীর্ঘদিন ফেলে রাখলে লোহা দুর্বল হয়ে ভেঙে পড়ারও ভয় থাকে। তবে বিনা খরচে, একেবারে ঘরোয়া উপায়েই কীভাবে এই জেদি মরচে দূর করে গ্রিলে চমক ফেরাবেন, রইল তার সহজ সমাধান।

DIY Hacks: জানালার গ্রিলে মরচে ধরেছে? এই কৌশল জানলে আর লোক ডাকতে হবে না!
কী কী করবেন?Image Credit: Joerg Koch/Getty Images
| Updated on: Oct 09, 2026 | 4:03 PM
Share

জানালার গ্রিল (Window Grille) পরিষ্কার রাখা সত্যিই এক ঝকমারি কাজ! ঘরের ভেতরটা হয়তো আপনি রোজ সুন্দর করে গুছিয়ে রাখছেন, কিন্তু জানালার দিকে তাকালেই মন খারাপ? রোদ, বৃষ্টি আর রাস্তার ধুলোবালির চোটে গ্রিলের অবস্থা একেবারে বেহাল। চকচকে রং কোথায় যেন হারিয়ে গিয়েছে, উল্টে জায়গা করে নিয়েছে জেদি মরচে। দিনের পর দিন এই অবস্থা চলতে থাকলে লোহা দুর্বল হয়ে ভেঙে পড়ারও ভয় থাকে। তবে এই সমস্যার জন্য বারবার মিস্ত্রি ডাকার কোনও দরকার নেই। আর গ্রিল পাল্টানোর বিশাল খরচের কথাও ভাবতে হবে না। রান্নাঘরে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়েই এই মুশকিল আসান সম্ভব। কীভাবে?

কী বলছেন বিশেষজ্ঞরা? কী কী ভাবে পরিষ্কার করবেন?

শুরুতেই জল লাগাবেন না পরিষ্কার করার প্রথমেই জল বা ভিজে কাপড় লাগানোর ভুলটা করবেন না। প্রথমে একটা শুকনো ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ধুলো আর মাকড়সার জাল ভালো করে ঝেড়ে নিন। কোণায় জমে থাকা ময়লা এতে সহজেই বেরিয়ে আসবে। জল লাগলে এই ধুলোই কাদা হয়ে যায়, তখন পরিষ্কার করা আরও কঠিন হয়ে পড়ে।

হালকা ময়লার জন্য সাবান-জল ধুলো ঝাড়া হয়ে গেলে ঈষদুষ্ণ জলে কয়েক ফোঁটা তরল সাবান বা ডিশ সোপ মিশিয়ে নিন। এরপর একটি নরম কাপড় সেই জলে ভিজিয়ে গ্রিলগুলো পরিষ্কার করে মুছে ফেলুন। তবে এখানেই শেষ নয়। শেষে শুকনো কাপড় দিয়ে আরও একবার মুছতে হবে। গ্রিলের গায়ে জল জমে থাকলে সেখান থেকে আবার মরচে ধরার ভয় থাকে।

ভিনিগার ও বেকিং সোডার ম্যাজিক মরচে যদি হালকা হয়, তবে সমান পরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে দাগের ওপর স্প্রে করুন। ১৫-২০ মিনিট পর পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই দাগ উঠে যাবে। আর দাগ যদি খুব জেদি হয়, তবে বেকিং সোডা আর জলের একটা ঘন পেস্ট বানিয়ে মরচের ওপর লাগিয়ে রাখুন এক ঘণ্টা। তারপর হালকা ঘষে তুলে ফেলুন। তবে রং করা গ্রিলে খুব জোরে ঘষবেন না, তাতে রং উঠে যাওয়ার ভয় থাকে।

লেবু আর লবণের কামাল মরচের ওপর বেশ কিছুটা লবণ ছড়িয়ে দিন। এবার তার ওপর তাজা লেবুর রস চিপে দিন। আধ ঘণ্টা মতো রেখে একটা লেবুর খোসা বা নরম স্ক্রাবার দিয়ে ঘষলেই দেখবেন মরচে একদম গায়েব হয়ে গিয়েছে! পরে পরিষ্কার জল দিয়ে মুছে ভালো করে শুকিয়ে নিতে হবে।

কঠিন মরচের ক্ষেত্রে কী করণীয়? মরচে যদি খুব বেশি হয় এবং খসে খসে পড়তে থাকে, তবে শিরিষ কাগজ বা শক্ত ব্রাশ দিয়ে ঘষে আলগা অংশটা আগে তুলে ফেলতে হবে। এরপর ধুলো মুছে মরচে-রোধী প্রাইমার লাগিয়ে তার ওপর নতুন রঙের প্রলেপ দিয়ে দিন। ব্যস, আপনার জানালার গ্রিল আবার আগের মতোই ঝকঝক করবে!

Follow Us