AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Kitchen: চাঁদিফাটা রোদ্দুরে পাতে টকডাল, ৫ টাকার মেন্যুতে পেট ঠান্ডা পথচলতি মানুষের

Tok Dal: 'মা কিচেন'-এ এতদিন ৫ টাকার ভাত, মুসুর ডাল, সবজির তরকারি, ডিম সেদ্ধ মিলত। গরম পড়তে এবার 'মা কিচেন'-এ মেন্যুতেও পরিবর্তন এল। আর সাধারণ ডাল নয়। এবার থেকে 'মা কিচেন'-এ মিলবে টকডাল।

Maa Kitchen: চাঁদিফাটা রোদ্দুরে পাতে টকডাল, ৫ টাকার মেন্যুতে পেট ঠান্ডা পথচলতি মানুষের
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 8:14 PM
Share

বাজার থেকে ডিম কিনতে যেখানে ৭-৮ টাকা খরচ হয়, সেখানে ‘মা কিচেন’-এ ডাল, ভাত, তরকারি আর ডিম সেদ্ধ পাওয়া মাত্র ৫ টাকায়। পশ্চিমবঙ্গ সরকারের ‘মা কিচেন’ ২০১৫ সালের ১৫ অক্টোবর পথ চলা শুরু করে। এখনও পর্যন্ত এই হেঁশেলে ১ কোটি ৬০ লক্ষ মানুষ খাবার খেয়েছে। গরম পড়তে এবার কিচেনের মেন্যুতেও পরিবর্তন এল। আর সাধারণ ডাল নয়। এবার থেকে ‘মা কিচেন’-এ মিলবে টকডাল।

কলকাতা শহর জুড়ে ১৩৩টি মা কিচেন রয়েছে। ফুটপাথবাসী ছাড়াও পথচারীদের আকস্মিক খিদে পেলে ভরসা এই মা কিচেনে। মাত্র ৫ টাকায় ভরপেট খাবার খাওয়া যায় এই হেঁশেলে। তার উপর অগুনতি মানুষ খাবার খান এখানে। সুতরাং, তাঁদের স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্বও ‘মা কিচেন’-এর। তাই গরম বাড়তেই মেন্যুতে যোগ হল টকডাল।

বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী পদ এই টক ডাল। গ্রীষ্মকাল এলেই কাঁচা আম দিয়ে মুসুর ডাল রান্না করা হয়। এই খাবার গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। গরমে সুস্থ থাকতে ভিটামিন সি ভীষণ জরুরি। সেই চিন্তা করেই মা কিচেনের মেন্যুতে যুক্ত হয়েছে টকডাল। এতদিন ৫ টাকার ভাত, মুসুর ডাল, সবজির তরকারি, ডিম সেদ্ধ মিলত। এবার শুধু মুসুরের ডাল নয়। তাতে যোগ রয়েছে কাঁচা আম। অর্থাৎ টকের ডাল।

কাঁচা আমের মধ্যে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড রয়েছে। এটি গরমে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করতে সাহায্য করে। এই গরমে কাঁচা আম খেলে আপনার শারীরিক ক্লান্তি ও পিপাসা দূর হয়ে যায়। তার সঙ্গে গরমে বৃদ্ধি পায় হজম ক্ষমতা। আর তার সঙ্গে যদি পাতলা মুসুর ডাল খাওয়া যায়, তাহলে এই গরমে ডিহাইড্রেশনের ঝুঁকিও এড়ানো যায়।

ফুটপাথবাসী, পথচলতি মানুষেরই শুধু যে ‘মা কিচেন’ ভরসা, তা নয়। শহরের বিভিন্ন সরকারি হাসপাতালেও ‘মা কিচেন’ থেকে খাবার সরবরাহ করা হয়। শহরের সরকারি হাসপাতালের রোগীর পরিবারের সদস্যরা ‘মা কিচেন’ থেকে খাওয়া-দাওয়া সারেন। এসএসকেএম, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, ন্যাশানাল মেডিক্যাল কলেজ, আরজিকর মেডিক্যাল কলেজে যে সমস্ত রোগী ভর্তি, তাঁদের পরিবারের সদস্যরা ‘মা কিচেন’ থেকে মাত্র ৫ টাকায় দুপুরের খাওয়া সারেন। সুতরাং, এই প্রতিটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব ‘মা কিচেন’-এর। তাই গরমে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পদ টকডাল।