AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smartphone low volume: ফোনের ওপারের কথা শুনতেই পাচ্ছেন না? বারবার ‘অ্যাঁ’ ‘অ্যাঁ’ না করে এটা করুন

Fix call sound: ফোনে কথা বলার সময় ওপারের কথা একদম ফিসফিসে লাগছে? বারবার 'অ্যাঁ' 'অ্যাঁ' না করে আর নেটওয়ার্ককে দোষ দেওয়ার আগে স্মার্টফোনের এই ৫টি জিনিস ঝটপট চেক করে নিন। কেন এমনটা হয়?

Smartphone low volume: ফোনের ওপারের কথা শুনতেই পাচ্ছেন না? বারবার 'অ্যাঁ' 'অ্যাঁ' না করে এটা করুন
কেন সমস্যা হয়?Image Credit: Magnific
| Updated on: Nov 12, 2026 | 3:29 PM
Share

স্মার্টফোন (Smartphone) এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। ধরুন, ছুটির দিনে বাড়িতে দারুণ মেজাজে আছেন। হঠাৎ অফিস থেকে বসের কল! ভয়ে বুক দুরুদুরু। কিন্তু ফোন ধরতেই দেখলেন, ওপার থেকে বসের গলা একদমই শোনা যাচ্ছে না! শুধু ফিসফিস আওয়াজ আসছে। শুনতে না পেয়ে আপনাকে বারবার বলতে হচ্ছে, ‘অ্যাঁ? কী বলছেন? অ্যাঁ?’। আপনি হয়তো মনে মনে ভাবছেন, যাক বাবা, নেটওয়ার্কের কী দারুণ সমস্যা! বকুনি থেকে আজ বেঁচে গেলাম। কিন্তু মজা বাদ দিলে, এমন দরকারি কলে কথা শুনতে না পেলে তো ভারী বিপদ। আমরা প্রায়ই কথা শুনতে না পেলে দোষটা নেটওয়ার্কের ঘাড়ে চাপিয়ে দিই। কিন্তু জানেন কি, সব সময় নেটওয়ার্কের দোষ থাকে না? খুব সাধারণ কয়েকটি কারণেও ফোনে এমন সমস্যা হতে পারে। বারবার বিরক্ত হয়ে ‘অ্যাঁ’ ‘অ্যাঁ’ না করে, ঘরে বসেই এর সমাধান করে ফেলতে পারেন। চলুন জেনে নিই, ফোনে কথা কম শোনা গেলে ঠিক কী কী করবেন।

স্পিকারে ময়লার পাহাড় জমেনি তো?

ফোনের স্ক্রিনের একদম ওপরে ছোট্ট একটি স্পিকার থাকে, যাকে ইয়ারপিস বলে। আমরা যখন ফোনে কথা বলি, তখন আমাদের ঘাম, মুখের তেল বা বাইরের ধুলো-বালি সেখানে জমতে থাকে। দিনের পর দিন এমন চলতে থাকলে স্পিকারের জালের ভেতরে রীতিমতো ময়লার আস্তরণ পড়ে যায়। এর ফলে আওয়াজ বাইরে আসতে বাধা পায়। তাই একটা নরম আর শুকনো ব্রাশ দিয়ে আলতো করে ওই জায়গাটা পরিষ্কার করুন। তবে ভুলেও পিন, ছুঁচ বা জল দিয়ে পরিষ্কার করবেন না। এতে স্পিকারের সূক্ষ্ম অংশ চিরতরে খারাপ হয়ে যেতে পারে।

ভুল মাপের কভার বা স্ক্রিন গার্ডের কেরামতি নয় তো?

নতুন স্ক্রিন গার্ড বা কভার লাগানোর পর থেকেই কি আওয়াজ কমে গিয়েছে? তাহলে ব্যাপারটা একবার চেক করুন। অনেক সময় অন্য মডেলের স্ক্রিন গার্ড লাগালে বা তা ঠিকমতো না বসলে ওই ছোট্ট স্পিকারটা অর্ধেক ঢাকা পড়ে যায়। তাই সাময়িকভাবে কভার বা স্ক্রিন গার্ড খুলে কাউকে ফোন করে দেখুন। যদি দেখেন আওয়াজ আগের মতোই ঝকঝকে, তবে বুঝবেন নতুন কভার বা স্ক্রিন গার্ডেই গন্ডগোল লুকিয়ে রয়েছে।

কল ভলিউম বাড়িয়েছেন তো?

অনেকেই ভাবেন, ফোনের সাধারণ ভলিউম বাড়ানো থাকলেই বোধহয় ফোনে জোরে কথা শোনা যাবে। ব্যাপারটা কিন্তু তেমন নয়। কলের ভলিউম সম্পূর্ণ আলাদা হয়। তাই কারও সঙ্গে কথা বলার সময় ভলিউম বোতাম চেপে আওয়াজ বাড়িয়ে নিন। কথা বলার সময়ে স্ক্রিনে একটু খেয়াল করুন, কলের ভলিউম আদৌ বাড়ছে কি না।

অজান্তেই অন্য কোথাও ব্লুটুথ জুড়ে নেই তো?

কখনও কখনও দেখা যায়, ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন বা অন্য কোনও স্মার্ট ডিভাইস কানেক্ট করা রয়েছে। তখন আওয়াজ আপনার কানে না এসে সোজা সেই ডিভাইসে চলে যায়। তাই কথা বলার সময় অকারণে ব্লুটুথ অন রয়েছে কি না, তা দেখে নিন। তাছাড়া ফোনের সেটিংসে গিয়ে ‘অডিয়ো ব্যালান্স’ ঠিক আছে কি না, সেটাও একবার চেক করে নিতে পারেন।

কখন সার্ভিস সেন্টারে ছুটবেন?

উপরের সব ক’টি চেষ্টা করার পরও যদি দেখেন আওয়াজ কম আসছে বা কড়কড় শব্দ হচ্ছে, তবে বুঝবেন ফোনের ভেতরে কোনও বড় হার্ডওয়্যার সমস্যা হয়েছে। তখন আর নিজে ডাক্তারি করার চেষ্টা করবেন না। সোজা কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টারে চলে যান।

Follow Us