পনিরের জায়গায় বিষ খাচ্ছেন না তো? আসল পনির চিনুন এভাবে
ভেজাল পনির তৈরি হয় গুঁড়ো দুধ, পাম অয়েল, স্টার্চ, এমনকি কখনও কখনও ডিটারজেন্ট এবং ইউরিয়ার মতো মারাত্মক সব উপাদান দিয়ে। এগুলো দীর্ঘমেয়াদে শরীরে গেলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে পুষ্টিগুণ তো থাকেই না, উল্টে হজমের সমস্যা ও ফুড পয়জনিংয়ের আশঙ্কা থেকে যায়।

ডালনা হোক বা পনির বাটার মশালা- নিরামিষ পাতের অন্যতম হিরো হল পনির। কিন্তু আপনার সাধের পনিরটি কি আদতে খাঁটি দুধে তৈরি? নাকি শরীরের বারোটা বাজাতে প্লেটে হানা দিয়েছে ক্ষতিকারক কেমিক্যাল বা ডিটারজেন্ট মেশানো জাল পনির? সম্প্রতি উত্তরপ্রদেশের ঝাঁসি-দাতিয়া হাইওয়েতে খাদ্য সুরক্ষা দফতর এক বিশাল পরিমাণ ভেজাল পনির বাজেয়াপ্ত করেছে। সেই পনিরের নমুনা পরীক্ষা করতেই শিউরে ওঠার মতো তথ্য উঠে এসেছে। বাজারে রমরমিয়ে চলা এই ‘সিন্থেটিক’ পনিরের হাত থেকে পরিবারকে বাঁচাতে আপনার রান্নাঘরকেই বানান ল্যাবরেটরি। কীভাবে বুঝবেন আপনি যা খাচ্ছেন তা বিষ না বিষমুক্ত? রইল সাতটি সহজ উপায়।
কেন এই পনির বিপজ্জনক?
ভেজাল পনির তৈরি হয় গুঁড়ো দুধ, পাম অয়েল, স্টার্চ, এমনকি কখনও কখনও ডিটারজেন্ট এবং ইউরিয়ার মতো মারাত্মক সব উপাদান দিয়ে। এগুলো দীর্ঘমেয়াদে শরীরে গেলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে পুষ্টিগুণ তো থাকেই না, উল্টে হজমের সমস্যা ও ফুড পয়জনিংয়ের আশঙ্কা থেকে যায়।
খাঁটি পনির চিনুন এইভাবে
এক টুকরো পনির জলে ৫ মিনিট ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে তাতে কয়েক ফোঁটা আয়োডিন টিংচার দিন। যদি পনিরের রঙ নীল বা গাঢ় হয়ে যায়, বুঝবেন এতে স্টার্চ মেশানো আছে।
এক টুকরো পনির হাতের তালুতে নিয়ে জোরে চাপ দিন। খাঁটি পনির সহজে ভাঙবে না বা গুঁড়ো হবে না। কিন্তু সিন্থেটিক পনির চাপ দিলেই ভেঙে পড়বে।
খাঁটি পনিরের থেকে একটা মিষ্টি দুধের গন্ধ বেরোয়। যদি পনির থেকে টক বা উৎকট রাসায়নিকের গন্ধ আসে, তবে তা কেনা থেকে বিরত থাকুন।
সামান্য পনির ফুটিয়ে নিয়ে তার ওপর সামান্য অড়হর ডালের গুঁড়ো বা সোয়াবিন পাউডার ছড়িয়ে ১০ মিনিট রেখে দিন। পনিরের রঙ যদি লালচে হয়ে যায়, তবে নিশ্চিত থাকুন এতে ডিটারজেন্ট বা ইউরিয়া রয়েছে।
মুখে দিলেই তফাতটা ধরা পড়ে। আসল পনির মুখে দিলে গলে যায় এবং দুধের স্বাদ পাওয়া যায়। ভেজাল পনির চিবোতে গেলে রবারের মতো মনে হয়।
প্যান বা কড়াইতে পনির গরম করুন। খাঁটি পনির ভাজলে হালকা সোনালি বা বাদামি আভা নেয়। কিন্তু ভেজাল পনির থেকে অস্বাভাবিক জল বেরোতে শুরু করে এবং এটি অদ্ভুতভাবে গলতে থাকে।
কাটার সময় খেয়াল করুন। খাঁটি পনির মসৃণভাবে কাটা যায়। ভেজাল পনির কাটার সময় অনেক সময় ছিবড়ের মতো উঠে আসে।
খাবার আগে একটু সচেতন হলে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। মনে রাখবেন, সস্তা বা দেখতে সুন্দর পনির মানেই কিন্তু তা স্বাস্থ্যকর নয়। তাই বাজার থেকে এনে পনির পরীক্ষা করে তবে খান। বাড়িতে বানিয়ে নেওয়াই সব থেকে ভালো।
