Pet Dog Arthritis Signs: পোষ্য কুকুর কি হঠাৎ সিঁড়ি ভাঙতে ভয় পাচ্ছে? আর্থ্রাইটিসের লক্ষণ নয় তো!
Pet dog arthritis prevention: আপনার পোষ্য কুকুরের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ছে না তো? অনেকেই ভাবেন, বয়স হচ্ছে তাই হয়তো আগের মতো ছুটোছুটি করছে না। কিন্তু এই সাধারণ ক্লান্তি ভেবে কোনও লক্ষণকে অবহেলা করা মানেই চরম বিপদ ডেকে আনা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে কীভাবে নেবেন কুকুরের জয়েন্টের যত্ন, জেনে নিন বিস্তারিত।

পোষ্য কুকুর (Pet Dog) পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। সারা দিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরলে ওদের লেজ নাড়া আর নিঃস্বার্থ ভালোবাসা নিমেষেই মন ভালো করে দেয়। সন্তানের মতো ওদের আগলে রাখেন ঠিকই, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওদের শরীরে যে নিঃশব্দে কঠিন রোগ বাসা বাঁধছে, তা কি খেয়াল রাখেন? সাধারণত ৫ বছর বয়সের পর থেকেই অনেক কুকুরের মধ্যে বার্ধক্যের প্রাথমিক লক্ষণ দেখা দিতে শুরু করে। অনেকেই ভাবেন, বয়স হচ্ছে তাই হয়তো আগের মতো ছুটোছুটি করছে না। কিন্তু এই সাধারণ ক্লান্তি ভেবে কোনও লক্ষণকে অবহেলা করা মানেই চরম বিপদ ডেকে আনা। হয়তো আপনার আদরের বন্ধুটি নীরবে আর্থ্রাইটিসের (Arthritis) মতো যন্ত্রণাদায়ক অসুখে ভুগছে!
পোষ্যরা তো আর মানুষের মতো গুছিয়ে নিজেদের যন্ত্রণার কথা বলতে পারে না। তাই দায়িত্বটা আমাদেরই। এই বিষয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত পশু চিকিৎসক এবং অ্যানিম্যাল হেলথ এডুকেটর ডা: আমির আনোয়ারি। সোশাল মিডিয়ায় যিনি ‘আমির দ্য ভেট’ (Amir the Vet) নামেই বেশি পরিচিত। তাঁর মতে, একটু সতর্ক হলেই কুকুরের জয়েন্টের স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। জেনে নিন তাঁর দেওয়া কয়েকটি জরুরি টিপস।
View this post on Instagram
- ড: আনোয়ারি পরিষ্কার জানাচ্ছেন, কুকুরের জয়েন্ট ভালো রাখতে সবচেয়ে আগে তার ওজন বশে রাখতে হবে। আদর করে অতিরিক্ত খাবার খাওয়ালে ওদের ওজন বেড়ে যায়। আর এই ওভারওয়েটের সরাসরি প্রভাব পড়ে জয়েন্টে। অতিরিক্ত চাপের ফলে হাড়ের ঘর্ষণ বাড়ে, যা থেকে আর্থ্রাইটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
- আপনার যেমন ফিট থাকতে ব্যায়াম লাগে, ওদেরও ঠিক তাই। তবে সেটা যেন কখনও একটানা অতিরিক্ত ধকলের কারণ না হয়। রোজ নিয়ম করে অল্প হাঁটাহাঁটি করানো বা সাঁতার কাটানোর মতো ‘লো-ইমপ্যাক্ট’ কাজ ওদের জয়েন্টকে সচল ও মজবুত রাখে।
- আধুনিক বাড়ির মসৃণ বা পিচ্ছিল টাইলস কিন্তু পোষ্যদের জন্য রীতিমতো বিপজ্জনক। পা পিছলে গিয়ে ওদের জয়েন্টে মারাত্মক আঘাত লাগতে পারে। তাই বাড়ির যে অংশগুলোতে আপনার কুকুর বেশি ঘোরাফেরা করে, সেখানে কার্পেট বিছিয়ে দিন। এতে ওরা হাঁটার সময় সঠিক গ্রিপ পাবে।
- রোগ দেখা দেওয়ার পর চিকিৎসা করার চেয়ে, আগে থেকে প্রতিরোধ করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ডা: আমির পরামর্শ দিচ্ছেন, আর্থ্রাইটিসের কোনও লক্ষণ প্রকাশ পাওয়ার আগে থেকেই পোষ্যকে ওমেগা-৩ (Omega-3) সাপ্লিমেন্ট এবং জয়েন্ট সাপোর্ট ফর্মুলা দেওয়া শুরু করা উচিত। তাই আর দেরি না করে আজ থেকেই সচেতন হন। আপনার একটু নজরদারি আর সঠিক যত্নই পারে আপনার চারপেয়ে বন্ধুটির বার্ধক্যকে যন্ত্রণামুক্ত আর আনন্দদায়ক করে তুলতে।
