AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Fryer Hacks: শুধু রান্না নয়, হেঁশেলের এই ৪ মুশকিল আসান করবে এয়ার ফ্রায়ার! জানতেন?

Smart Kitchen Hacks: এয়ার ফ্রায়ার দিয়ে তেল ছাড়া রান্না হয়, এ কথা তো সবার জানা! কিন্তু এই একটা যন্ত্র যে হেঁশেলের আরও কত বড় বড় মুশকিল নিমেষে আসান করতে পারে, তা কি জানতেন? রান্না বাদে আর কী কী কাজে লাগে এয়ার ফ্রায়ার? জানলে রীতিমতো চমকে যাবেন!

Air Fryer Hacks: শুধু রান্না নয়, হেঁশেলের এই ৪ মুশকিল আসান করবে এয়ার ফ্রায়ার! জানতেন?
কী কী বানাবেন?Image Credit: Magnific
| Updated on: Oct 06, 2026 | 9:28 AM
Share

বাড়িতে হঠাৎ অতিথি। চটজলদি প্লেটে সাজিয়ে দিলেন নামীদামি বিস্কুট আর চানাচুর। কিন্তু মুখে দিতেই কেলেঙ্কারি! স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সব একেবারে হাওয়া লেগে নরম কাদা। লজ্জায় মাথা হেঁট হওয়ার জোগাড়? নাকি তেলের ভয়ে ঠান্ডা শিঙাড়া কড়াইতে দিতে গিয়েও পিছিয়ে আসছেন? চিন্তা নেই! রান্নাঘরের কোণায় পড়ে থাকা এয়ার ফ্রায়ার (Air Fryer) শুধু ডায়েটের খাবার বা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর যন্ত্র নয়। রোজকার রান্নার বাইরেও এটি এমন কিছু ম্যাজিক দেখাতে পারে, যা জানলে অবাক হবেন।

ড্যাম্প ধরা বিস্কুটে ফিরবে মুচমুচে ভাব

অনেক সময় প্যাকেট খোলা থাকলে বিস্কুট, কুকিজ বা চানাচুর হাওয়া লেগে নরম হয়ে যায়। তখন আর সেগুলো খেতে ভালো লাগে না। ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু এয়ার ফ্রায়ার থাকলে এই খাবারগুলো আবার আগের মতো ফ্রেশ করা সম্ভব। নরম হয়ে যাওয়া খাবারগুলো ১৬০ ডিগ্রিতে ৩ থেকে ৪ মিনিট গরম করে নিন। ম্যাজিকের মতো সেগুলি আগের চেয়েও বেশি মুচমুচে হয়ে যাবে।

তেল ছাড়াই গরম হবে ঠান্ডা শিঙাড়া

দোকান থেকে কিনে আনা শিঙাড়া বা কচুরি ঠান্ডা হয়ে গেলে স্বাদ একদম নষ্ট হয়ে যায়। আবার কড়াইতে গরম করতে গেলে প্রচুর তেল টানে। তখন মুচমুচে ভাবটাও উধাও হয়ে যায়। এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান লুকিয়ে আছে এয়ার ফ্রায়ারেই। এতে ঠান্ডা শিঙাড়া বা কচুরি গরম করলে এক ফোঁটাও বাড়তি তেল লাগবে না। উল্টে এর ভেতরের অতিরিক্ত তেলও কিছুটা ঝরে যাবে। আর স্বাদও বজায় থাকবে।

মশলা ও ড্রাই ফ্রুটস

স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় অনেক সময় জিরে, এলাচ, লবঙ্গ বা তেজপাতার মতো গোটা মশলা নরম হয়ে যায়। সুগন্ধ অনেকটাই কমে যায়। অনেক সময় ফাঙ্গাস ধরার ভয়ও থাকে। এমন হলে মশলাগুলো এয়ার ফ্রায়ারে ১ থেকে ২ মিনিট হালকা সেঁকে নিতে পারেন। মশলার পুরোনো সুগন্ধ একেবারে ফিরে আসবে। ঠিক একইভাবে কাজু, কিশমিশ বা আমন্ডের মতো ড্রাই ফ্রুটসের স্যাঁতস্যাঁতে ভাবও দূর করা যায় খুব সহজে।

বাসি পাউরুটি হবে তুলতুলে

ফ্রিজে রাখার কারণে অনেক সময় পাউরুটি শক্ত হয়ে যায়। আবার বাইরে রাখলে হাওয়া লেগে শুকিয়ে যায়। তখন আর সেই রুটি খেতে ইচ্ছা করে না। পাউরুটি বা পাও রুটি এয়ার ফ্রায়ারে ২ থেকে ৩ মিনিট গরম করে নিন। যদি দেখেন রুটি বেশি শুকিয়ে গিয়েছে, তবে সামান্য জলের ছিটে দিয়ে বা তেলের স্প্রে করে ১ মিনিট গরম করুন। একদম টাটকা রুটির মতো তুলতুলে হয়ে যাবে। একইভাবে পনির টিক্কা বা কাবাবও চমৎকারভাবে গরম করে নেওয়া যায়।

Follow Us