How to take medicine: জানেন চা, ফলের রস দিয়ে ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
Taking medicine with tea: জলের বদলে চা, কফি কিংবা ফলের রস দিয়ে ওষুধ খাওয়ার অভ্যাস আছে? এই ভুলটি করলে কিছু ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, আবার নির্দিষ্ট কিছু ওষুধের ক্ষেত্রে শরীরে ওষুধের মাত্রাও বেড়ে যেতে পারে। জল ছাড়া অন্য পানীয় দিয়ে ওষুধ খাওয়ার ক্ষেত্রে কেন সতর্ক থাকা দরকার, তা জেনে নিন।

অফিসে বেরনোর তাড়া। ব্রেকফাস্ট টেবিলে ধোঁয়া ওঠা চা। হাতের কাছে জলের গ্লাস নেই বলে ওই চা দিয়েই টপ করে গিলে নিলেন ব্লাড প্রেশারের ওষুধটা! কিংবা দুপুরে বন্ধুদের আড্ডায় কোল্ড ড্রিঙ্কসের ঢোঁক গিলেই খেয়ে নিলেন মাথা ব্যথার ট্যাবলেট। এমনটা আমরা অনেকেই কখনও না কখনও করে ফেলেন। কিন্তু জানেন কি, সময়ের অভাবে করা এই ছোট্ট আলসেমি কিছু ওষুধের ক্ষেত্রে শরীরে তার প্রভাব বদলে দিতে পারে?
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জল ছাড়া অন্য পানীয় দিয়ে ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি। কারণ কিছু পানীয় নির্দিষ্ট ওষুধের শোষণ বা শরীরে ওষুধের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। ঠিক কী ঘটে শরীরের ভেতরে?
চা বা কফির প্রভাব
সকালে ঘুম কাটাতে যে চা বা কফিতে চুমুক দিচ্ছেন, তা কিছু ওষুধের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। চা ও কফিতে থাকা ট্যানিন এবং ক্যাফেইন নির্দিষ্ট কিছু ওষুধ বা পুষ্টি উপাদানের শোষণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আয়রন ট্যাবলেট চা বা কফির সঙ্গে খেলে শরীরে আয়রন শোষণ কমে যেতে পারে। থাইরয়েডের ওষুধেরর ক্ষেত্রেও চা বা কফি ওষুধের শোষণ কমাতে পারে। তাই এই ধরনের ওষুধ খাওয়ার সময় চিকিৎসক বা ওষুধের নির্দেশ মেনে চলা জরুরি।
ফলের রস
অনেকেই ভাবেন ফলের রস তো স্বাস্থ্যকর, তাহলে তা দিয়ে ওষুধ খেলে ক্ষতি কী? বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। আঙুরের রসে (Grapefruit juice) এমন কিছু উপাদান থাকে, যা লিভারের নির্দিষ্ট কিছু এনজাইমের (CYP3A4) কাজকে ব্যাহত করতে পারে। ফলে কিছু নির্দিষ্ট কোলেস্টেরল, ব্লাড প্রেশার এবং অন্য ওষুধের মাত্রা রক্তে বেড়ে যেতে পারে। এর ফলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে।
আবার আপেল বা কমলালেবুর রসের মতো কিছু ফলের রস নির্দিষ্ট ওষুধের শোষণ কমিয়ে দিতে পারে। যেমন, এই ধরনের রসের সঙ্গে অ্যালার্জির ওষুধ খেলে শরীরে ওষুধটির শোষণ কমে যেতে পারে। তাই কোনও ওষুধের সঙ্গে ফলের রস খাওয়ার আগে তার নির্দেশিকা দেখে নেওয়া জরুরি।
কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রেও সতর্কতা
কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড পানীয়ের সঙ্গে ওষুধ খাওয়াও সবসময় ভাল অভ্যাস নয়। কিছু গবেষণায় দেখা গিয়েছে, নির্দিষ্ট কিছু পানীয় কিছু ওষুধের ভেঙে যাওয়া বা দ্রবীভূত হওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তবে সব ওষুধের ক্ষেত্রে একই ধরনের প্রভাব পড়ে না। তাই ওষুধ খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কসের বদলে সাধারণ জল ব্যবহার করাই ভাল।
গবেষণা ও প্রমাণ কী বলছে?
বিশ্বের অন্যতম স্বাস্থ্য সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (FDA) নির্দিষ্ট কিছু ওষুধের সঙ্গে grapefruit juice-এর মতো পানীয়ের interaction নিয়ে সতর্ক করেছে। তাই কোনও ওষুধ খাওয়ার সময় চিকিৎসক বা ওষুধের লেবেলে দেওয়া নির্দেশ মেনে চলা জরুরি। সাধারণভাবে, ওষুধ খাওয়ার জন্য এক গ্লাস সাধারণ জল ব্যবহার করাই সবচেয়ে ভাল অভ্যাস। এতে ওষুধ সহজে গিলে খাওয়া যায় এবং অধিকাংশ ওষুধের ক্ষেত্রে এটি নিরাপদ মাধ্যম হিসেবে কাজ করে।
তাই এবার থেকে হাতের কাছে যাই থাক না কেন, ওষুধ গিলার সময় এক গ্লাস জল জোগাড় করতে ভুলবেন না। আপনার সামান্য আলসেমি যেন বড় কোনও সমস্যার কারণ না হয়!
