AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shortest living dog: ১০০ টাকার নোটের চেয়েও ছোট! গিনেস বুকে নাম তোলা এই পুঁচকে কুকুরকে চেনেন?

Guinness World Records: আপনার হাতের স্মার্টফোন বা পকেটে থাকা ১০০ টাকার নোটের চেয়েও আকারে ছোট! অথচ এটি কোনও খেলনা নয়, একেবারে রক্তমাংসের একটি জ্যান্ত কুকুর। ওজন একটা সাধারণ বইয়ের চেয়েও কম, কিন্তু রাজকীয় মেজাজ আর জনপ্রিয়তায় সে হার মানায় হলিউড তারকাদেরও। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলা এই পুঁচকের আসল পরিচয় জানলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য!

Shortest living dog: ১০০ টাকার নোটের চেয়েও ছোট! গিনেস বুকে নাম তোলা এই পুঁচকে কুকুরকে চেনেন?
জানেন কী কী খায় এই কুকুর?Image Credit: BBC
| Updated on: Nov 09, 2026 | 3:18 PM
Share

কুকুরের সাইজ ঠিক কত ছোট হতে পারে? একটা কোলবালিশ বা নিদেনপক্ষে একটা ফুটবলের মতো? কিন্তু যদি বলা হয় একটা জ্যান্ত কুকুর আপনার হাতের স্মার্টফোনটি বা ১০০ টাকার নোটের চেয়েও ছোট! শুনতে অবাক লাগলেও, পৃথিবীতে সত্যিই এমন এক পুঁচকে কুকুরের অস্তিত্ব রয়েছে। নাম তার ‘পার্ল’। ২০২৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর খাতায় বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের খেতাব জিতে রাতারাতি তারকা হয়ে উঠেছিল সে। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও, তার সেই রাজকীয় মেজাজ আর জনপ্রিয়তায় আজও এতটুকু ভাটা পড়েনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ভ্যানেসা সেমলারের সঙ্গেই থাকে এই আদরের পোষ্য পার্ল। সে মূলত চিহুয়াহুয়া (Chihuahua) প্রজাতির কুকুর। এর উচ্চতার বহর শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য! পার্লের উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি (৯.১৪ সেমি) এবং দৈর্ঘ্য ৫ ইঞ্চি (১২.৭ সেমি)। আর ওজন? মাত্র ১.২ পাউন্ড অর্থাৎ ৫৫৩ গ্রাম। সহজ কথায়, একটা সাধারণ কফি মাগের থেকেও তার উচ্চতা কম। একটা হার্ডকভার বইয়ের চেয়েও সে হালকা। জন্মের সময় তার ওজন ছিল এক আউন্সেরও কম, ঠিক যেন এক টুকরো পাউরুটি! বয়স বাড়লেও তার আকারের আর কোনও পরিবর্তন হয়নি।

আকার পুতুলসম হলেও পার্লের হাবভাব কিন্তু একেবারে রাজকীয়। ভ্যানেসার কথায়, সে বেশ শান্ত মেজাজের। প্রচুর মানুষের ভিড়ভাট্টায় সে কখনও ঘাবড়ে যায় না। তবে খাওয়া-দাওয়ার ব্যাপারে সে বেশ শৌখিন। হাই-কোয়ালিটির চিকেন আর স্যামন মাছ ছাড়া তার মুখে কিছু রোচে না। আর সাজগোজ? সে তো তার রোজকার রুটিন! কখনও ক্যামেরার সামনে পোজ দেওয়া, আবার কখনও ফ্যানদের মন জয় করা- সবেতেই সে পারদর্শী। ডলহাউসে অনায়াসে ফিট হয়ে যাওয়া এই ছোট্ট প্রাণীটি বিশ্বজুড়ে নেটিজেনদের চোখের মণি।

মজার ব্যাপার হল, এই বামন হওয়ার রেকর্ড পার্লের বংশগত! এর আগে বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের রেকর্ড ছিল ‘মিরাকল মিলি’-র দখলে। তার উচ্চতা ছিল ৩.৮ ইঞ্চি। সম্পর্কে মিলি হল পার্লের মাসি। মিলি মারা যাওয়ার পর সেই রেকর্ডের মুকুট পার্লের মাথায় ওঠে। পশু চিকিৎসক ডঃ জিওভানি ভারজেল একটি বিশেষ ‘উইকেট’ টুলের সাহায্যে পার্লের মাপ নিয়েছিলেন, যা গিনেস কর্তৃপক্ষ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে গ্রহণ করে।

গবেষণা বলছে, চিহুয়াহুয়া কুকুর এমনিতেই আকারে ছোট হয়। এদের আদি বাসভূমি মেক্সিকো। সাধারণত এই প্রজাতির কুকুরের উচ্চতা ৫ থেকে ৮ ইঞ্চি হয় এবং ওজন হয় আড়াই কেজির মতো। কিন্তু পার্ল যেন সব হিসেব নিকেশ বদলে দিয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সর্বকালের সবচেয়ে ছোট কুকুরটি ছিল যুক্তরাজ্যের একটি ডোয়ার্ফ ইয়র্কশায়ার টেরিয়ার, যার উচ্চতা ছিল মাত্র ২.৮ ইঞ্চি। তবে বর্তমানে জীবিত কুকুরদের মধ্যে পার্লই সেরা। সে বুঝিয়ে দিয়েছে যে, দুনিয়ার নজর কাড়তে বিশাল আকারের কোনও দরকার নেই।

Follow Us