AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Location updating effect: এইমাত্র কী করতে যাচ্ছিলেন, দরজায় পৌঁছেই ভুলে গেলেন? এমনটা কেন হয় জানেন?

Doorway effect: এক ঘর থেকে অন্য ঘরে পা রাখতেই আচমকা সব ব্ল্যাঙ্ক? কী নিতে এসেছিলেন, সেটা কিছুতেই আর মনে পড়ছে না? রোজকার জীবনে এমন ঘটনা প্রায় সবার সঙ্গেই ঘটে। অনেকেই একে বয়স বাড়ার লক্ষণ বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সংকেত বলে ধরে নেন। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা! হঠাৎ এই ভুলে যাওয়ার পেছনের আসল কারণ জানলে চমকে যাবেন।

Location updating effect: এইমাত্র কী করতে যাচ্ছিলেন, দরজায় পৌঁছেই ভুলে গেলেন? এমনটা কেন হয় জানেন?
কী বলছেন বিশেষজ্ঞরা?Image Credit: Getty Images
| Updated on: Sep 30, 2026 | 3:41 PM
Share

ধরুন, আপনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন বা কারও সঙ্গে গল্প করছেন। হঠাৎ মনে হল, রান্নাঘর থেকে জল খাওয়া দরকার বা ফোনটা আনা দরকার। আপনি উঠে হাঁটতে শুরু করলেন। কিন্তু যেই না রান্নাঘরের দরজার কাছে পৌঁছলেন, ব্যস! মাথা একেবারে ফাঁকা। আপনি সেখানে কেন এসেছেন, তা আর কিছুতেই মনে করতে পারছেন না। বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর, বা আবার ড্রয়িং রুমে ফিরে যাওয়ার পর হয়তো সেই ভাবনাটা ফিরে এল। প্রায়ই এই ঘটনাটি কেন ঘটে, তা কি কখনও ভেবে দেখেছেন?

অনেকেই ভাবেন বয়স বাড়ার কারণে হয়তো স্মৃতিশক্তি কমে যাচ্ছে। কিন্তু বিজ্ঞানীরা একে স্মৃতিভ্রম বলতে নারাজ। বিজ্ঞানের ভাষায় এই ঘটনার একটি চমৎকার নাম আছে, ‘ডোরওয়ে এফেক্ট’ বা ‘লোকেশন আপডেটিং এফেক্ট’। ২০১৪ সালে ‘মেমরি’ নামের একটি জার্নালে এই নিয়ে একটি দারুণ গবেষণা প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, মানুষ যখন এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায়, তখন মস্তিষ্ক আগের তথ্যগুলো মনে করতে একটু হোঁচট খায়। মজার বিষয় হল, সত্যি সত্যিই কোনও দরজা দিয়ে হেঁটে পার না হয়ে, শুধু মনে মনে অন্য ঘরে যাওয়ার কথা কল্পনা করলেও এই ভুলে যাওয়ার ঘটনা ঘটে।

বিষয়টা ঠিক কীরকম?

বিষয়টা খুব সহজ করে বোঝা যাক। আমাদের মস্তিষ্ক সারা দিনের নানা অভিজ্ঞতাকে একটা বইয়ের আলাদা আলাদা চ্যাপ্টার বা অধ্যায় হিসেবে সাজিয়ে রাখে। আপনি যখন বসার ঘর থেকে অন্য ঘরে যান, তখন চারপাশের দৃশ্যপট একেবারে বদলে যায়। মস্তিষ্ক তখন ভাবে, একটা চ্যাপ্টার শেষ হল আর নতুন একটা শুরু হল। ঠিক এই কারণেই আগের ঘরের ভাবনাগুলো সাময়িকভাবে পিছনের সারিতে চলে যায়। তার মানে কিন্তু এই নয় যে আপনার মেমরি ডিলিট হয়ে গিয়েছে। মস্তিষ্ক শুধু নতুন পরিবেশে নিজেকে আপডেট করে নেয়।

২০২১ সালে ‘বিএমসি সাইকোলজি’-র অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে, এর পেছনে আরও একটা বড় কারণ আছে। সেটা হল কাজের চাপ। আপনি হয়তো রান্নাঘরের দিকে যাওয়ার সময় একটা জরুরি ইমেল, রাতের মেনু বা অন্য কোনও কাজের কথা ভাবছেন। এতগুলো চিন্তার ভিড়ে আসল উদ্দেশ্যটা হারিয়ে যায়।

পুরনো জায়গায় ফিরলে কেন মনে পড়ে?

এর পেছনের কারণটা খুব সোজা। পুরনো ঘরে ফিরে গেলে সেই চেনা পরিবেশের জিনিসপত্র আবার চোখের সামনে আসে। সেই দেখা জিনিসগুলো আগের ভাবনাটাকে আবার জাগিয়ে তোলে। ঠিক যেন বইয়ের পাতা উলটে আগের জায়গায় ফিরে যাওয়া! তাই পরের বার এমন কিছু ঘটলে অকারণে ভয় পাবেন না। আপনার স্মৃতিশক্তি একদম ঠিক আছে। আপনার ব্রেন শুধু চারপাশের বদলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে।

Follow Us