
ল্যাভেন্ডার শাড়িতে লাস্যময়ী কোমল, আর সাদা ব্লেজার-রোদচশমায় গোবিন্দার দিক থেকে চোখ ফেরানো দায়। ক্যামেরার সামনে দুজনের এই মাখোমাখো পোজ আর চোখে চোখ রাখা দেখে বলিপাড়ায় জোর ফিসফাস শুরু হয়েছে। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, তবে কি এবার সত্যিই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন দুজনে?
সোশাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই যেন আগুনে ঘি পড়েছে। এমনিতেই গত কয়েক মাস ধরে গোবিন্দা ও কোমলের প্রেমের কানাঘুষোয় সরগরম মায়ানগরী। তার ওপর দুজনের এমন কাছাকাছি আসার ছবি দেখে অনেকেই ভাবছেন, এবার হয়তো সত্যিই নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা।
এই জল্পনার সূত্রপাত গত অগাস্ট মাসে, যখন অভিনেতার স্ত্রী সুনীতা প্রকাশ্যে দাবি করেছিলেন যে গোবিন্দা ও কোমল নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিবাহবিচ্ছেদের মামলা অবশ্য ১৯ অগাস্ট প্রত্যাহার করে নেন সুনীতা, তবে সম্পর্কের তিক্ততা এতটুকু কমেনি।
প্রকাশ্যেই একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করেছেন স্বামী-স্ত্রী, সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখে অভিনেতাকে 'সুগার ড্যাডি' বলে কটাক্ষ করতেও ছাড়েননি সুনীতা। পাল্টা ভিডিও বার্তায় স্ত্রীর 'কুরুচিকর' ভাষার কড়া সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছিলেন গোবিন্দাও।
গত বছর গণেশ চতুর্থীতে সুনীতাকে নিয়ে গেলেও, এ বছর কোমলের সঙ্গেই লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন অভিনেতা। এদিকে গোবিন্দা-কোমলের এই নতুন রোম্যান্টিক ছবি দেখে নেটপাড়ায় রাগে ফুঁসছেন রাখি সাওয়ান্ত, কমেন্ট বক্সে রাগী পাখির ইমোজি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
১৯৮৭ সালে সুনীতার সঙ্গে সংসার পাতা অভিনেতার জীবনে এখন শুধুই বিতর্ক আর জল্পনা। তবে প্রেমের এই প্রবল গুঞ্জনের মাঝেই খোলসা হল আসল সত্যিটা, কারণ ছবিগুলি শেয়ার করে কোমল ক্যাপশনে লিখেছেন 'রূপার সুন্দর কিছু মুহূর্ত'। অর্থাৎ, এই মাখোমাখো ছবিগুলি আদতে তাঁদের আগামী ছবি 'রূপা'-র প্রচারের এক ঝলক!