AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganesh Chaturthi: জানেন গনেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন?

Ganesha mythology: জানেন কি গণেশ ঠাকুরকে কেন একদন্ত বলা হয়? কখনও কি খেয়াল করে দেখেছেন, গণেশ ঠাকুরের একটি দাঁত পুরো থাকলেও, অন্য দাঁতটি অর্ধেক ভাঙা? সিদ্ধিদাতার একটি দাঁত ভাঙার পেছনে লুকিয়ে আছে একাধিক পৌরাণিক কাহিনি। কী বলছে পুরাণ?

Ganesh Chaturthi: জানেন গনেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন?
কী বলছে পুরাণ?Image Credit: tv9 network
| Updated on: Sep 14, 2026 | 2:49 PM
Share

পৌরাণিক গল্প (Mythological Stories) শুনতে কে না ভালোবাসেন! সিদ্ধিদাতা গণেশকে তো সকলে চেনেন। তাঁর হাতির মতো মাথা, বিশাল পেট আর ইঁদুর বাহনের কথাও কারোর অজানা না। কিন্তু কখনও কি খেয়াল করে দেখেছেন, গণেশ ঠাকুরের একটি দাঁত পুরো থাকলেও, অন্য দাঁতটি অর্ধেক ভাঙা? আর ঠিক এই কারণেই তাঁকে বলা হয় ‘একদন্ত’। আপনারা কি জানেন, কেন তাঁর এমন রূপ হল? এর পিছনে লুকিয়ে রয়েছে দারুণ সব পৌরাণিক কাহিনি, যা শুনলে সত্যিই চমকে যেতে হয়।

কেন গণেশ ঠাকুরকে একদন্ত বলা হয়?

মহাভারত লেখার শর্ত

সবচেয়ে জনপ্রিয় গল্পটি জড়িয়ে আছে মহাকাব্য মহাভারতের সঙ্গে। প্রাচীন গ্রন্থ অনুযায়ী, মহর্ষি বেদব্যাস যখন মহাভারত রচনা করার কথা ভাবেন, তখন তাঁর এমন একজনের দরকার ছিল যিনি তাঁর মুখে শুনে একটানা লিখে যেতে পারবেন। তিনি গণেশের কাছে যান। গণেশ রাজি হন, তবে একটি অদ্ভুত শর্ত দেন, লেখা চলাকালীন বেদব্যাস কখনও থামতে পারবেন না, থামলেই তিনি লেখা ছেড়ে দেবেন। বেদব্যাসও পাল্টা শর্ত দেন যে, না বুঝে কোনও শ্লোক লেখা যাবে না।

সব ঠিকঠাক, লেখা শুরু হল। কিন্তু লিখতে লিখতে হঠাৎ গণেশের কলমটি ভেঙে যায়! শর্ত অনুযায়ী তো থামা বারণ। তাই কালবিলম্ব না করে গণেশ নিজের একটি দাঁত ভেঙে ফেলেন। এরপর সেই ভাঙা দাঁতটিকে কলম বানিয়ে তিনি ফের মহাভারত লিখতে শুরু করেন। কাজের প্রতি এমন নিষ্ঠা আর বুদ্ধির জোরেই তিনি একদন্ত!

পরশুরামের রাগ আর পিতৃভক্তি

ব্রহ্মাণ্ড পুরাণে (Brahmanda Purana) আবার একটি অন্য গল্প পাওয়া যায়। শিবের পরম ভক্ত পরশুরাম একবার কৈলাসে গিয়েছিলেন মহাদেবের সঙ্গে দেখা করতে। কিন্তু শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। গণেশ ছিলেন পাহারায়। তিনি নিয়ম মেনে পরশুরামকে ভেতরে যেতে বাধা দেন। এতে পরশুরাম রেগে গিয়ে তাঁর কুঠার দিয়ে গণেশকে আক্রমণ করেন।

মজার ব্যাপার হল, এই কুঠারটি মহাদেব শিবই তাঁকে দিয়েছিলেন। বাবার অস্ত্রের সম্মান রাখতে গণেশ সেই আঘাত থেকে নিজেকে সরিয়ে নেননি। বরং কুঠারটি তিনি নিজের একটি দাঁতের ওপর ধারণ করেন। যার ফলে তাঁর একটি দাঁত ভেঙে যায়। বাবার প্রতি এমন ভক্তি সত্যিই বিরল।

গজমুখাসুর বধের রোমাঞ্চকর কাহিনি

আরও একটি লোককথা অনুযায়ী, গজমুখাসুর নামের এক রাক্ষস একবার দেবতাদের ওপর ভীষণ অত্যাচার শুরু করে। মুনি-ঋষিরা মহাদেবের কাছে গেলে, তিনি গণেশকে পাঠান তাকে বধ করার জন্য। সাধারণ কোনও অস্ত্র দিয়ে সেই রাক্ষসকে মারা যাচ্ছিল না। তখন গণেশ নিজের একটি দাঁত ভেঙে সেটিকেই অস্ত্র হিসেবে ছুড়ে মারেন রাক্ষসের দিকে। সেই আঘাতেই পরাস্ত হয় গজমুখাসুর।

কারণ যাই হোক না কেন, এই ‘একদন্ত’ রূপ শেখায় যে, বড় কোনও কাজ করতে গেলে বা নিজের দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় নিজের প্রিয় জিনিসও হাসিমুখে ত্যাগ করতে হয়। আর এই শিক্ষার জন্যই তিনি যুগে যুগে আপামর মানুষের কাছে এত প্রিয় হয়ে রয়েছেন।

Follow Us