Virat Kohli: ম্যাচের মাঝেই ভেঙে গেল ঘড়ি, একাধিক রেকর্ড গড়েও চর্চায় কোহলি
IND vs NZ: এই ইনিংসের সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজারের বেশি রান করা প্রথম ব্যাটার হলেন বিরাট কোহলি। এই তালিকায় তিনি পিছনে ফেললেন কিংবদন্তি রিকি পন্টিংকে। ১২৬৬২ রান ছিল পন্টিংয়ের। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার ক্ষেত্রেও পন্টিংকে ছুঁয়ে ফেললেন কোহলি।

অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন কোহলি। ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ম্যাচের ১৭তম ওভারে তাঁর সঙ্গে ঘটে যায় একটি মজার ঘটনা। বল এসে লাগে কোহলির হাতঘড়িতে, ভেঙে যায় ঘড়ির স্ট্র্যাপ। এরপর ঘড়িটি ঠিক করতে গিয়ে বেশ চিন্তায় পড়ে যান তিনি।
ঘটনাটি ঘটে ভারতের রান তাড়া করার সময়। নিউজিল্যান্ডের বোলার নাথান স্মিথের করা একটি বল কোহলির ঘড়িতে আঘাত করে। ঘড়িটি হাতে তুলে নিলেও স্ট্র্যাপ লাগানোর ছোট্ট পিনটি খুঁজে পাচ্ছিলেন না তিনি। মাঠের মধ্যে বেশ কিছুক্ষন ধরে পিন খুঁজতে থাকেন তারকা ব্যাটার। ঠিক সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আম্পায়ার। তিনি মাটি থেকে পিনটি খুঁজে বের করে কোহলির হাতে তুলে দেন। পিনটি ফিরে পেয়ে স্বস্তির হাসি ফুটে ওঠে বিরাটের মুখে। এরপরেই তিনি গ্যালারির দিকে ইশারা করেন। সঙ্গে সঙ্গে দর্শকরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
জন্মদিনের ঠিক আগের দিনই ব্যাট হাতে ঝড় তুললেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে ৫১ বলে ৭৪ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ১টি ছক্কা। বৃষ্টির কারণে ম্যাচের ওভারসংখ্যা কমে গেলেও বিরাটের ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারত। একই সঙ্গে একগাদা রেকর্ডও ভঙ্গ করেন তিনি।
এই ইনিংসের সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজারের বেশি রান করা প্রথম ব্যাটার হলেন বিরাট কোহলি। এই তালিকায় তিনি পিছনে ফেললেন কিংবদন্তি রিকি পন্টিংকে। ১২৬৬২ রান ছিল পন্টিংয়ের। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার ক্ষেত্রেও পন্টিংকে ছুঁয়ে ফেললেন কোহলি। দুজনেরই সংগ্রহ ১৯৭১ রান। শুধু তাই নয়, ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে সর্বাধিক রান করার ক্ষেত্রে সচিনের রেকর্ডও ভেঙে দিলেন বিরাট। সব মিলিয়ে জন্মদিনের আগেই একাধিক রেকর্ড গড়ে ক্রিকেটবিশ্বকে মুগ্ধ করলেন এই তারকা ব্যাটার।
