AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Brazil: ব্রাজিল ম্যাচের আগে রং বদল যুবভারতীর, দর্শকদের জন্য বিশেষ ঘোষণা ফেডারেশনের!

Saltlake Yuvabharati Stadium: অতীতে যুবভারতী স্টেডিয়ামে ফ্রি সিটিং হয়েছে। যেকোনও সিটে বসতে পারতেন দর্শকরা। কিন্তু এবার নিয়ম আলাদা। সূত্রের খবর, এই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, কলকাতার ৩ প্রধানের সমর্থকদের জন্য ডিসকাউন্টে টিকিট দেবে ফেডারেশন।

India vs Brazil: ব্রাজিল ম্যাচের আগে রং বদল যুবভারতীর, দর্শকদের জন্য বিশেষ ঘোষণা ফেডারেশনের!
কল্যাণ চৌবে Image Credit: X, Facebook
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 8:03 PM
Share

কলকাতা: সামনেই মহারণ। আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল দল। পুজোর আগেই ৩ অক্টোবর এই ম্যাচ খেলা হবে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে। শুধু ব্রাজিল নয়, ৬ তারিখ এই কলকাতাতেই খেলবে উরুগুয়েও। তবে তার আগেই বিশেষ ঘোষণা করলেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

আজ কল্যাণ চৌবে জানিয়েছেন, এই প্রথমবার যুবভারতীর কোনও ম্যাচে টিকিটে সিট নম্বর লেখা থাকবে। অতীতে যুবভারতী স্টেডিয়ামে ফ্রি সিটিং হয়েছে। যেকোনও সিটে বসতে পারতেন দর্শকরা। কিন্তু এবার নিয়ম আলাদা। সূত্রের খবর, এই ম্যাচের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তবে এবার প্রতি টিকিটে দেওয়া আছে সিট নম্বর। টিকিট কাটার পর সেই ই-টিকিট নিয়েই যেতে হবে ও স্ক্যান করে ঢুকতে হবে মাঠে। সিট নম্বর দেখে নির্ধারিত সিটে বসতে হবে দর্শকদের। যেকোনও সিটে বসা যাবে না। সূত্রের খবর, মেসি কলকাতায় আসার পর যে বিশৃঙ্খলা হয়েছিল, তাতে অনেকেই বাকেট চেয়ার ভেঙে ফেলেছিলেন। ইতিমধ্যেই সেই চেয়ারগুলি ঠিক করে তাতে আবার নাম্বারিং করা হচ্ছে আইএফএ-র তরফ থেকে।

এর পাশাপাশি এও জানা গিয়েছে, কলকাতার ৩ প্রধানের সমর্থকদের জন্য ডিসকাউন্টে টিকিট দেবে ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান – এই ৩ প্রধানের সমর্থকদের বিশেষ সুবিধা দেওয়া হবে। B2 ও D2 – এই দুই গ্যালারির কিছু সংখ্যক টিকিট ছাড় দেওয়া হবে ১০%। অর্থাৎ, সেই টিকিট গুলির দাম যদি ১০ টাকা হয়, তার উপর ১০% ছাড় দেয়া হবে। টিকিটগুলি পাওয়া যাবে তিন প্রধানের ক্লাব তাঁবু ও আইএফএ অফিস থেকে।

এর পাশাপাশি আরও খবর পাওয়া গিয়েছে। বদলের বাংলায় এই প্রথম হচ্ছে সল্টলেক স্টেডিয়ামের গৈরিকীকরণ। পরিচিত নীল-সাদা রং বদলে এবার গেরুয়া রং করা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামের। এমনকি ড্রেসিংরুম, শৌচাগার সব উন্নত করা হচ্ছে। এর আগে যখন ব্রাজিলের প্রতিনিধি দল কলকাতা এসেছিল, তারা মাঠের মান নিয়ে খুশি ছিল না। সেই দলের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কাজ করছে ফেডারেশন ও আশা করা হচ্ছে, ৩ তারিখের আগেই যাবতীয় সব কাজ সম্পন্ন হয়ে যাবে। ফলে, এক অত্যাধুনিক মাঠে খেলতে দেখা যাবে ভিনি, রাফিনহাদের।

Follow Us