India vs Brazil Tickets: কলকাতায় ব্রাজিল ম্যাচের ১টা টিকিট কাটলেই ১টা ফ্রি, কীভাবে পাবেন দেখুন
Brazil Football Team: এই ম্যাচের মাধ্যমে প্রথমবার সিট নম্বর বসছে যুবভারতীতে। অতীতে শুধুমাত্র যুবভারতীর কোনও ব্লকের টিকিট কাটলেই দর্শকরা যেকোনও আসনে গিয়ে বসতে পারতেন। এবার তাঁদের নির্দিষ্ট সিটেই বসতে হবে। তাঁদের টিকিটে সিটের নম্বর উল্লেখ করা থাকবে।

কলকাতা : আর মাত্র ২ দিন। তারপরেই কলকাতার মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। ভিনি জুনিয়র, এন্ড্রিক, ড্যানিলোদের একদম চোখের সামনে দেখার সুযোগ পেয়েছে শহরবাসী। তবে এর মধ্যেই, ম্যাচের মাত্র দিন তিনেক আগে সমর্থকদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এল ফেডারেশন। একটি টিকিট কাটলে পাওয়া যাবে আরও একটি টিকিট। ম্যাচ শুরু হতে বাকি যখন ৭২ ঘন্টার কিছু বেশি, তখন এই অফার নিঃসন্দেহে ম্যাচের উন্মাদনা বাড়িয়ে দেবে।
সমর্থকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে বিখ্যাত বিপণন সংস্থা স্টাইলবাজার। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। যদি আপনি অ্যাপে দুটি টিকিট কাটেন ও তারপর অফার সেকশনে গিয়ে লেখেন, তৎক্ষণাৎ আপনার একটি টিকিটের দাম মকুব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটি টিকিটের দাম ও যাবতীয় GST-ই দিতে হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বনিম্ন টিকিটের দাম ৩৫০০ টাকা। মাঠে প্রায় ৬০ হাজার দর্শক বসতে পারেন। এর ফলে অনেকেই নিজের পরিবার, বন্ধুদের সঙ্গে যাবেন ম্যাচ দেখতে। যদিও, আপাতত কত টিকিট বিক্রি হয়েছে, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
View this post on Instagram
একই সঙ্গে অনেক বদল আনা হচ্ছে গ্যালারিতেও। এই ম্যাচের মাধ্যমে প্রথমবার সিট নম্বর বসছে যুবভারতীতে। অতীতে শুধুমাত্র যুবভারতীর কোনও ব্লকের টিকিট কাটলেই দর্শকরা যেকোনও আসনে গিয়ে বসতে পারতেন। এবার তাঁদের নির্দিষ্ট সিটেই বসতে হবে। তাঁদের টিকিটে সিটের নম্বর উল্লেখ করা থাকবে। যদিও জানানো হয়েছে, যুবভারতীর মান উন্নত করা হচ্ছে। নতুন ডাগআউট, ড্রেসিংরুম বানানো হচ্ছে। পানীয় জল ও শৌচ ব্যবস্থা উন্নত করা হচ্ছে। ঘাসের মান ভাল করা হচ্ছে। শোনা গিয়েছে, গোলপোস্টের দুই দিক অর্থাৎ B ও D গ্যালারির দিকে বসানো হবে জায়ান্ট স্ক্রিন।
সূত্রের খবর, আগামীকাল, বৃহস্পতিবার শহরে আসছে ব্রাজিল দল। তবে চোটের কারণে দলের সঙ্গে কলকাতা আসবেন না বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনহা। শোনা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আসছে ব্রাজিল। আজ, বুধবার রাতে শহরে আসার কথা উরুগুয়েরও। সূত্রের খবর, ব্রাজিল থাকবে জে ডব্লিউ ম্যারিয়ট ও উরুগুয়ে থাকবে তাজ বেঙ্গলে। এরপর সাংবাদিক সম্মেলন, মুখ্যমন্ত্রীর সঙ্গে নৈশভোজ – একগাদা পরিকল্পনা আছে। তবে ব্রাজিল ও উরুগুয়ের আসার ফলে যাতে ভারতীয় ফুটবলের একটু উন্নতি হয়, এই যা আশা।
