Shreyas Iyer: রাতে সিনেমা দেখছিলাম, হঠাৎ আসে রোহিতের ফোন… সব ফেলে তড়িঘড়ি কেন রুমে ফেরেন শ্রেয়স আইয়ার?
IND vs ENG, ODI: নাগপুরে প্রথম ওডিআই ম্যাচের পর শ্রেয়স আইয়ার জানান, জস বাটলারদের বিরুদ্ধে তাঁর সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল না। কিন্তু বিরাট কোহলির চোটের কারণে শ্রেয়সের সামনে দরজা খুলে যায়।

কলকাতা: দল যেমন তাঁর উপর আস্থা রাখে, তেমনই টিমের প্রয়োজনে জ্বলে ওঠেন তিনি। কথা হচ্ছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে। তিনি বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে নেই। কিন্তু দল তাঁর উপর ভরসা করে। তিনিও সেই ভরসার মান রাখার চেষ্টা করেন ব্যাট দিয়ে। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতের জয়ের নেপথ্যে ভূমিকা রয়েছে শ্রেয়সের। তিনি ৩৬ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন। এই ম্যাচে তাঁর খেলারই কথা ছিল না। হঠাৎ বুধবার রাতে রোহিতের ফোন আসে শ্রেয়সের কাছে। তারপরই তিনি পান বিশেষ বার্তা।
নাগপুরে প্রথম ওডিআই ম্যাচের পর শ্রেয়স আইয়ার জানান, জস বাটলারদের বিরুদ্ধে তাঁর সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল না। কিন্তু বিরাট কোহলির চোটের কারণে শ্রেয়সের সামনে দরজা খুলে যায়। অনেকেই ভেবেছিলেন বিরাট কোহলির পরিবর্তে হয়তো সিরিজের প্রথম ম্যাচে ডেবিউ হয়েছে যশস্বী জয়সওয়ালের। কিন্তু শ্রেয়স জানান, যশস্বী আগে থেকেই একাদশে থাকার জন্য টিমের পরিকল্পনাতে ছিলেন।
শ্রেয়স বলেন, ‘গল্পটা খুব মজার। আমি গত রাতে (বুধবার) সিনেমা দেখছিলাম। ভাবছিলাম পুরোটা দেখব। আর ঠিক সেই সময় অধিনায়কের ফোন আসে। তিনি জানান, বিরাট কোহলির হাঁটু ফুলে গিয়েছে। যে কারণে আমাকে খেলতে হতে পারে। আমি এই ফোন পাওয়ার পর তাড়াতাড়ি রুমে ফিরি এবং সোজা ঘুমিয়ে পড়ি।’
ইংল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে টিম ইন্ডিয়া প্রথম ওডিআই ম্যাচ জেতার পর শ্রেয়স আইয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। নিজের ব্যাটিংয়ের এবং টিমের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এর থেকে ভালো অনুভূতি আর কিছু হয় না।’
No better feeling 🇮🇳 pic.twitter.com/DuPYfL4Gja
— Shreyas Iyer (@ShreyasIyer15) February 6, 2025
