Sourav Ganguly: ‘ও কেন এমন করল?’, অবাধ্য ঈশানের আচরণে অবাক সৌরভ গঙ্গোপাধ্যায়
Ishan Kishan: ঈশান কিষাণের কাছে সুযোগ ছিল রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে খেলার। কিন্তু তিনি রঞ্জির পথে হাঁটেননি। বরং সম্প্রতি তাঁকে ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, আইপিএলের প্রস্তুতির জন্য ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলছেন ঈশান।

কলকাতা: বোর্ডের ফতোয়া না মানার বড় মাসুল দিতে হল শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে (Ishan Kishan)। এই দুই ক্রিকেটারকে বিসিসিআই (BCCI) বার্ষিক চুক্তিতে রাখেনি। ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য না দেওয়ার মনোভাব মোটেও বরদাস্ত করল না বোর্ড। ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রে শ্রেয়স ও ঈশান। এই দুই অবাধ্য ক্রিকেটার অনেককেই অবাক করেছে। এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে একদিকে যেমন সম্মান জানিয়েছেন মহারাজ, তেমনই অবাক হয়েছেন শ্রেয়স ও ঈশাণ রঞ্জি ট্রফিতে না খেলার জন্য। এই প্রসঙ্গে সৌরভ RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিসিসিআই চেয়েছিল ওরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। আমি অবাক হয়েছি শ্রেয়স আইয়ার কেন রঞ্জি ট্রফিতে খেলল না। রঞ্জি ট্রফি একটা প্রিমিয়ার টুর্নামেন্ট। সেখানে না খেলার ফলে বিসিসিআই এই মুহূর্তে যেটা ভেবেছে ঠিক সেটাই করেছে।’
রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলবেন শ্রেয়স আইয়ার। কিন্তু ঈশানের কাছে আর সেই সুযোগ নেই। সৌরভের কথায়, ‘ঈশান কিষাণের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা উচিত ছিল। দলের চুক্তিতে থাকাকালীন এই প্রিমিয়ার টুর্নামেন্টে ওর খেলা উচিত ছিল। শ্রেয়স আইয়ার কয়েকদিনের মধ্যেই রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলবে। কিন্তু ঈশানের রঞ্জিতে না খেলা আমাকে অবাক করেছে।’
ঈশান কিষাণের কাছে সুযোগ ছিল রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে খেলার। কিন্তু তিনি রঞ্জির পথে হাঁটেননি। বরং সম্প্রতি তাঁকে ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, আইপিএলের প্রস্তুতির জন্য ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলছেন ঈশান। সৌরভের কথায়, ‘টিম ইন্ডিয়ার হয়ে তিন ফর্ম্যাটের সদস্য ও। আইপিএলে ওর বড় চুক্তি রয়েছে। আমি বুঝতে পারছি না ও কেন এমনটা করল। ওর রঞ্জিতে খেলা উচিত ছিল।’
সৌরভ জানান, রঞ্জি ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতে অনেক ক্রিকেটার ভারতীয় টিমে খেলার সুযোগ পান। বোর্ডের চুক্তিতে থাকাকালীন নিয়ম প্রত্যেক ক্রিকেটারকে মানতে হবে। আর ঈশান, শ্রেয়সরা কী ভাবে সেই নিয়মের তোয়াক্কা করলেন না তা-ই বিরাট অবাক করেছে মহারাজকে। সৌরভ জানিয়েছেন, বোর্ডের এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই অন্যান্য ক্রিকেটারদেরও সতর্ক করে দিল।
