Shreyas Iyer Profile: কেকেআরকে তৃতীয় আইপিএল জেতানোর অগ্নিপরীক্ষা ক্যাপ্টেন শ্রেয়সের
KKR, IPL 2024: গত বার পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল শ্রেয়সকে। তাই ২০২৩ সালের আইপিএলে (IPL) খেলতেই পারেননি তিনি। এ বার অবশ্য সেই সুযোগ হাতছাড়া করতে চান না শ্রেয়স। রঞ্জি ফাইনালের পরই শোনা গিয়েছিল তাঁর পুরনো পিঠের চোট মাথাচাড়া দিয়েছে। আপাতত যা শোনা যাচ্ছে তাতে শ্রেয়সকে নিয়ে চিন্তার কিছু নেই নাইট শিবিরে।

কলকাতা: অবাধ্য ক্রিকেটার… না চাইতেও এই তকমা পেয়ে গিয়েছেন মুম্বইয়ের শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কয়েকদিন আগেই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। রঞ্জি ট্রফিতে খেলতেই নাকি চাইছিলেন না শ্রেয়স। ক্রিকেট মহলে কান পাতলেই সেই খবর শোনা যাচ্ছিল। সেই শ্রেয়স অবশ্য মুম্বইয়ের ৪২তম রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য। এ বারের রঞ্জিতে তিনি শুধু সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলেছিলেন। ফাইনালে বিদর্ভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। এ বার শ্রেয়সকে নিয়ে যাবতীয় ফোকাস আসন্ন আইপিএলে। তিনি কেকেআরের ক্যাপ্টেন। গত বার পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল শ্রেয়সকে। তাই ২০২৩ সালের আইপিএলে (IPL) খেলতেই পারেননি তিনি। এ বার অবশ্য সেই সুযোগ হাতছাড়া করতে চান না শ্রেয়স। রঞ্জি ফাইনালের পরই শোনা গিয়েছিল তাঁর পুরনো পিঠের চোট মাথাচাড়া দিয়েছে। আপাতত যা শোনা যাচ্ছে তাতে শ্রেয়সকে নিয়ে চিন্তার কিছু নেই নাইট শিবিরে।
২৯ বছরের ডান হাতি ব্যাটারের আইপিএল যাত্রা শুরু দিল্লি ক্যাপিটালস শিবিরে। তিনি ২০১৫-২০২১ সাল অবধি দিল্লিতে ছিলেন। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে ২.৬ কোটি টাকায় কেনে। সে বার আইপিএল নিলামে আনক্যাপড ক্রিকেটার হিসেবে সর্বাধিক দর উঠেছিল শ্রেয়সের। ওই মরসুমে ১৪টি ম্যাচে ৪৩৯ রান করেছিলেন। ২০১৮ সালে গৌতম গম্ভীরের জায়গায় দিল্লি ডেয়ারডেভিলসের নতুন ক্যাপ্টেন করা হয় শ্রেয়সকে। ২৩ বছর ১৪২ দিন বয়সে তিনি দিল্লির ক্যাপ্টেন হয়। তাঁর নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ২০২০ সালে প্রথম বার আইপিএল ফাইনালে উঠেছিল দিল্লি। অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে সে বার দিল্লির ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। ২০২১ সালের আইপিএলের প্রথম পর্বে চোটের কারণে খেলা হয়নি তাঁর। এরপর দিল্লির ক্যাপ্টেন করা হয় ঋষভ পন্থকে। আর ২০২২ সালের আইপিএল নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকায় কেনে কেকেআর এবং নাইট নেতা ঘোষণা করে। ২০২২ সালে কেকেআর টিমের হয়ে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স। করেছিলেন ৪০১ রান।
শ্রেয়স ২০১৭ সাল থেকে ভারতীয় টিমের সদস্য। সে বছর নভেম্বরে টি-২০ অভিষেক হয়েছিল শ্রেয়সের। এরপর সে বছরই ডিসেম্বরে ওডিআই অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সালে শ্রেয়সের টেস্ট অভিষেকও হয়। ভারতের জার্সিতে এখনও অবধি শ্রেয়স ১৪টি টেস্টে ৮১১ রান করেছেন, ৫৯টি ওডিআইতে ২৩৮৩ রান করেছেন এবং ৫১টি টেস্টে ১১০৪ রান করেছেন। মিডল অর্ডারে তিনি বেশ নির্ভরযোগ্য ছিলেন। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপেও খেলেছিলেন। আপাতত তিনি বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই। এ বারের আইপিএলে ভালো খেললে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন।
