Rohit Sharma: IND vs BAN ম্যাচের মাঝে হাতজোড় করে ক্ষমা চাইলেন ক্যাপ্টেন রোহিত শর্মা
ICC Champions Trophy 2025: মহম্মদ সামি উইকেটের খাতা খোলার শুরুটা করেছিলেন। এরপর ছন্দ ধরে রাখার চেষ্টা করতে থাকেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেলরা। নবম ওভারে তারকা স্পিনার অক্ষরের কাছে সুযোগ ছিল হ্যাটট্রিক নেওয়ার। কিন্তু ক্যাচ মিস করেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

দুবাই: হলই বা মিনি বিশ্বকাপ, কিন্তু উত্তেজনা একেবারে বিশ্বকাপের মতো। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে উত্তেজনায় ভরপুর ভারত-বাংলাদেশ ম্যাচ। সেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বোলাররা শুরুটা ভালোই করেছিলেন। মহম্মদ সামি উইকেটের খাতা খোলার শুরুটা করেছিলেন। এরপর ছন্দ ধরে রাখার চেষ্টা করতে থাকেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেলরা। নবম ওভারে তারকা স্পিনার অক্ষরের কাছে সুযোগ ছিল হ্যাটট্রিক নেওয়ার। কিন্তু ক্যাচ মিস করেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত হতাশও হন তিনি।
টিমের জুনিয়রদের বিভিন্ন ম্যাচের সময় বকাঝকা করতে প্রায়শই দেখা যায় ভারত অধিনায়ক রোহিতকে। কিন্তু তিনি নিজে ভুল করলে? ক্যাপ্টেন বলে আলাদা রোয়াব নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের স্পিনের প্রথম ওভার। আরও একটা কট বিহাইন্ড। হ্যাটট্রিকের সুযোগ ছিল অক্ষর প্যাটেলের সামনে। আর সেই সময় স্লিপে ক্যাচ মিস করেন রোহিত। প্রচণ্ড হতাশ হন। সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নেন। এরপর স্লিপ থেকে নিজেই সরে যান।
পরে আবার রোহিত শর্মা স্লিপে আসেন। যদিও সে সময় অক্ষরের হ্যাটট্রিক মিসের আক্ষেপ যায়নি। চোখে মুখে তাঁর সেই ছাপ স্পষ্ট। নিজের উপর তিনি যে কতটা অসন্তুষ্ট, রোহিতের ভাবভঙ্গিতেই তা প্রকাশ পাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কখনও দেখা গিয়েছে তিনি হাতজোড় করে ক্ষমা চাইছেন। কখনও আবার স্লিপে যেখানে দাঁড়িয়ে ক্যাচ মিস করেছিলেন, সেই মাটিতে রাগে হাত দিয়ে চাপড় মারছেন।
Rohit Sharma apologising to Axar Patel. pic.twitter.com/TwjVWkZgYO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2025
— Cricket News (@cricket_news_33) February 20, 2025
