Deepak Chahar: মাহি ভাই আমাকে… সিএসকেতে সুযোগ না পেয়ে যা বললেন দীপক চাহার
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স দীপক চাহারকে ৯.২৫ কোটিতে জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে কিনেছে। সিএসকেতে সুযোগ না পেয়ে কী বলছেন ধোনির অন্যতম প্রিয় দীপক চাহার?

কলকাতা: ইয়েলোব্রিগেডে মহেন্দ্র সিং ধোনির খুব কাছের ছিলেন তিনি। তাঁকে অবশ্য এ বারের মেগা নিলামের আগে রিটেন করেনি চেন্নাই সুপার কিংস। পরিকল্পনা করেছিল, নিলামে তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাবে। ধোনির টিম চেষ্টা করেছিল সেটাই। কিন্তু শেষ অবধি তাতে সফল হয়নি সিএসকে। সেই ২০১৮ সাল থেকে চেন্নাইয়ের জার্সি গায়ে চাপিয়ে আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংস। পঁচিশের আইপিএলে (IPL) আর তেমনটা হচ্ছে না। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ৯.২৫ কোটিতে জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে কিনেছে। সিএসকেতে সুযোগ না পেয়ে কী বলছেন ধোনির অন্যতম প্রিয় দীপক চাহার (Deepak Chahar)?
Sports Tak-কে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেন, ‘মাহি ভাই সব সময় সমর্থন করেছে আমাকে। আমি চেয়েছিলাম সিএসকেতে যেন সুযোগ পাই। কিন্তু নিলামে দ্বিতীয় দিনে আমার নাম আসে। তখনই বুঝতে পেরেছিলাম চেন্নাইয়ে যাওয়া কঠিন হতে চলেছে। কারণ সিএসকের পার্সে বেশি টাকা ছিল না।’
জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে দ্বিতীয় দিন নাম উঠেছিল দীপক চাহারের। ততক্ষণে সিএসকের পার্স থেকে অনেকটাই টাকা বেরিয়ে যায়। ফলে দীপককে দলে নিতে যে অনেক কাঠখড় পোড়াতে হবে ভালোই জানত ইয়েলোব্রিগেড। সেই প্রসঙ্গে দীপক বলেন, ‘১৩ কোটি পার্সে নিয়েও আমার জন্য ৯ কোটি অবধি বিড করেছিল। অন্য টিমগুলোর কাছে বেশি টাকা ছিল। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম এ বার সিএসকেতে যাওয়া কঠিন হবে। এর আগের বার যখন মেগা নিলাম হয়েছিল, সেই সময় সিএসকে অলআউট ঝাঁপিয়েছিল আমার জন্য।’
When my name came up in auction, CSK had only ₹13 Cr left, but they still bid till ₹9 Cr for me. I’m happy about it. 💛
– Deepak Chahar !! pic.twitter.com/XSDoFk0Ez1
— ` (@WorshipDhoni) November 30, 2024
দীপক চাহারকে নিয়ে যখন বিড হচ্ছিল আইপিএলের নিলামে সেই সময় নিলাম টেবিলে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের দিকে বার বার ঘুরছিল ক্যামেরা। সিএসকে যখন দেখে দীপককে নেওয়া যাচ্ছে না, সেই সময় ফ্লেমিংয়ের চোখে মুখে হতাশা ফুটে ওঠে। বোঝাই যাচ্ছিল, দীপককে প্রবল ভাবে চাইছিল সিএসকে। কিন্তু পার্সে সেই পরিমাণ টাকা না থাকায় তাঁকে নিতে পারল না। দীপককে যদি নিলামে ৯.২৫ কোটিতে কিনত সিএসকে, তা হলে কোটার প্লেয়ার পূরণ করতে পারত না। তাই সরে যেতে হয় চেন্নাইকে।
