KL Rahul: ১১ বছরের ক্রিকেটারের প্রাণ ফেরালেন রাহুল
কেএল রাহুল বলেন, 'যখনই ভারোদের বিষয়টা শুনি আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যে কোনও উপায়ে সাহায্য করতে চাই আমি। সঠিক ভাবে ওর অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। এখনও ও খুব ভালো আছে। আশা করব, শীঘ্রই ও আবার মাঠে ফিরবে।'

বেঙ্গালুরু: মানবিক লোকেশ রাহুল। ১১ বছরের এক খুদে ক্রিকেটারের জন্য এগিয়ে এলেন ভারতের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul)। ভারোদ নালাওয়াড়ের অস্থিমজ্জা প্রতিস্থাপনে ৩১ লক্ষ টাকা অনুদান ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন ছিল। গত ডিসেম্বরে ভারোদের পরিবার তাঁদের ছেলের চিকিৎসার জন্য একটি সংস্থার দ্বারস্থ হন। সেই সংস্থাই ভারোদের জন্য তহবিল গড়ে তোলে। কেএল রাহুল সেই কথা শোনার পরই এগিয়ে আসেন। ১১ বছরের ক্রিকেটারের চিকিৎসার জন্য মানবিক হয়ে ওঠেন ভারতীয় দলের (Indian Cricket Team) সহ অধিনায়ক। ভারোদের বাবা সচিন নালাওয়াড়ে পেশায় একজন জীবনবিমার কর্মী। তাঁর মা গৃহবধূ। ৩৫ লক্ষ টাকা জোগাড় করা তাঁদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এক বিরল রক্তাল্পতার রোগে ভুগতে থাকা ভারোদের জীবন নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছিল।
বিরল রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে গত সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হয় ভারোদ। সেখানে এক হেমাটোলজিস্টের চিকিৎসাধীনে থাকে ১১ বছরের এই খুদে ক্রিকেটার। ভারোদের প্লেটলেটও খুব কম ছিল। প্রত্যেক মাসেই জ্বর আসত। অস্থিমজ্জা প্রতিস্থাপন ছাড়া আর কোনও উপায় ছিল না। মধ্যবিত্ত পরিবারের পক্ষে ৩৫ লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে কয়েকদিন আগে ১১তম জন্মদিনে ভারোদকে একটা ক্রিকেট ব্যাটও উপহার দেন তাঁর বাবা।
কেএল রাহুল বলেন, ‘যখনই ভারোদের বিষয়টা শুনি আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যে কোনও উপায়ে সাহায্য করতে চাই আমি। সঠিক ভাবে ওর অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। এখনও ও খুব ভালো আছে। আশা করব, শীঘ্রই ও আবার মাঠে ফিরবে।’
ভারোদের মা স্বপ্না ঝা বলেন, ‘ছেলের চিকিৎসার জন্য কেএল রাহুল এ ভাবে এগিয়ে আসায় তাকে অশেষ ধন্যবাদ। আমরা ওর কাছে কৃতজ্ঞ। এত কম বয়সে এই অস্ত্রোপচার সামলে এগিয়ে যাওয়াটা ওর পক্ষে এখন খুবই কঠিন।’
আরও পড়ুন: Indian Cricket: ‘ঋষভের সঙ্গে আমার কোনও প্রতিযোগিতা নেই’, বললেন ঈশান
