KKR vs LSG Rescheduled: কলকাতা-লখনউ ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড

IPL 2025, KKR EDEN GARDENS: আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। যদিও নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি পিছনোর অনুরোধ করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সেই সিদ্ধান্তই জানাল বোর্ড।

KKR vs LSG Rescheduled: কলকাতা-লখনউ ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 28, 2025 | 10:20 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচিতে বদল। দীর্ঘ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছুক্ষণ আগেই বোর্ডের তরফে ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে ম্যাচ পিছনোর সিদ্ধান্ত। আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। যদিও নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি পিছনোর অনুরোধ করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সেই সিদ্ধান্তই জানাল বোর্ড।

আগামী ৬ এপ্রিল রামনবমী। কলকাতা পুলিশের তরফে গত ১ মার্চ বাংলা ক্রিকেট সংস্থার কাছে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, রামনবমীর কারণে নিরাপত্তা দিতে সমস্যা হবে। সেই মতো বোর্ডকে জানায় সিএবি। মাঝে জোর জল্পনা চলছিল, ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। বিকল্প ভেনু হিসেবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের প্রসঙ্গও আসে। যদিও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানান, বোর্ডের তরফে কী নির্দেশ আসে, সেই অনুযায়ী ভাবনা চিন্তা করবেন।

এদিন বোর্ডের তরফে মেলে জানানো হয়েছে, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি ৬ এপ্রিলের পরিবর্তে ৮ এপ্রিল ইডেন গার্ডেন্সেই হবে। এই ম্যাচটি বিকেল ৩.৩০-এ হওয়ার কথা ছিল। ম্যাচের সময় অপরিবর্তিতই থাকছে। বাংলা ক্রিকেট সংস্থা এবং কলকাতা পুলিশের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত, জানিয়েছে বোর্ড। কেকেআর-লখনউ ম্যাচের দিন বদলালেও এর জন্য আইপিএলের বাকি সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না, জানিয়ে দিয়েছে বোর্ড।

Follow Us