KKR : অবসরে জার্সি নম্বর, দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া রাসেল!

আগামী ২৫ তারিখ মুম্বইয়ে উড়ে যাবে নাইট রাইডার্স। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে কেকেআর। তার আগে গোটা দলের মেজাজ বেশ ফুরফুরে। সেখানেই যোগ দেবেন আর এক বিস্ফোরক ক্রিকেটার রোভম্যান পাওয়েল। এই শিবিরে কোচ ও প্রশিক্ষকরা বেশ অভিজ্ঞ। নতুন ভূমিকায় অবতীর্ণ হয়ে দলকে চতুর্থবারের জন্য আইপিএল জেতাতে চাইবেন রাসেল।

KKR : অবসরে জার্সি নম্বর, দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া রাসেল!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 25, 2026 | 2:36 PM

কলকাতা : তিনি বরাবরই দলের মূল স্তম্ভ। ২০১৪ থেকে ২০২৫ – ১১ বছর ধরে দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছেন দুই বার। ২০১৪ ও ২০২৪। ২০১৯ সালে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ১৩ বলে ৪৮* রান করে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রাসেল। তাল কাটে গতবছর। গতবছর নিলামের আগে তাঁকে রিটেন করতে পারেনি দল। এরপরই যেন ছন্দপতন। রাসেল কেকেআরে নেই শুনেই তাঁকে পেতে ঝাঁপিয়েছিল বিরাট কোহলির আরসিবি-সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তিনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন।

কেকেআর তাঁকে নেয়নি শুনেই নাইট তারকা ঠিক করেছিলেন, কেকেআর ছাড়া অন্য কোনও দলে খেলবেন না তিনি। প্রচুর অর্থ দিলেও কেকেআর ছাড়বেন না । কারণ, কেকেআরেই প্রতিষ্ঠা পেয়েছেন তিনি। আইপিএলে অন্য কোনও দলের জার্সিই তিনি গায়ে চাপাবেন না। এরপরেই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। অবসরের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট দলে পাওয়ার কোচ হিসেবে যোগ দেওয়ার। এরপরেই এক বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে নাইট শিবির। রাসেলের ১২ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠিয়ে দিল কেকেআর। জার্সি নম্বর অবসরে পাঠানোর অর্থ, ভবিষ্যতে আর কোনও ক্রিকেটার ১২ নম্বর জার্সি পরতে পারবেন না। এই নম্বরটি একমাত্র রাসেলেরই থাকবে আজীবন।

গতকাল KKR Unplugged 3.0 অনুষ্ঠানে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর মঞ্চে উঠে ফ্রেম করা তাঁর ১২ নম্বর জার্সি তুলে দিলেন রাসেলের হাতে। এরপরই যেন আবেগপ্রবণ হয়ে পড়েন নাইট সমর্থকদের পছন্দের ‘ড্রে রাস’। মঞ্চে তিনি বললেন,”আমার আর কোনও আক্ষেপ নেই। আমি কেকেআরের হয়ে খেলার সময় প্রতিবারই ভেবেছি এটা আমার শেষ ম্যাচ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। ট্রফি জেতার পর আমি কেঁদে ফেলেছিলাম। এই দলের হয়েই আমি আইপিএল জিতেছি। আমি কৃতজ্ঞ। আমি মনে করি, এই বছরেও আমরা ট্রফি জিততে পারব। চ্যাম্পিয়ন হয়ে গেলে আমি সমর্থকদের সামনে লাইভ পারফরম্যান্স করব।” এরপরেই দলকে এই বছর ট্রফি জেতার জন্য আহ্বান করেন রাসেল। দলকে কী বার্তা দিলেন রাসেল ? তাঁর উত্তর,”বার্তা বিশেষ কিছু দেওয়ার নেই। এই দলে খুব বেশি বদল আনতে হবে বলে আমার মনে হয় না। এই দলে যারা রয়েছে, তাদের সঙ্গে কোনও না কোনও সময় খেলেছি। আমি বিশেষ বদল করতে চাই না।”

আগামী ২৫ তারিখ মুম্বইয়ে উড়ে যাবে নাইট রাইডার্স। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হবে কেকেআর। তার আগে গোটা দলের মেজাজ বেশ ফুরফুরে। সেখানেই যোগ দেবেন আর এক বিস্ফোরক ক্রিকেটার রোভম্যান পাওয়েল। এই শিবিরে কোচ ও প্রশিক্ষকরা বেশ অভিজ্ঞ। রয়েছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভোর মতো তারকা ক্রিকেটাররা। এবার এই নতুন ভূমিকায় অবতীর্ণ হয়ে দলকে চতুর্থবারের জন্য আইপিএল জেতাতে চাইবেন রাসেলরা।

Follow Us