KL Rahul on Kevin Pietersen: মেন্টরের কাজ আইপিএলের মাঝে মলদ্বীপে ঘুরতে যাওয়া… কেপিকে খোঁচা রাহুলের!

DC, IPL 2025: ১৮তম আইপিএলের অন্যতম নজরকাড়া দল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে এখনও অবধি ৬টি ম্যাচ খেলে ৫টিতে জিতেছে দিল্লি। হার মাত্র ১টিতে। টেবল টপাররা শনি-বিকেলে মুখোমুখি গুজরাটের।

KL Rahul on Kevin Pietersen: মেন্টরের কাজ আইপিএলের মাঝে মলদ্বীপে ঘুরতে যাওয়া... কেপিকে খোঁচা রাহুলের!
মেন্টরের কাজ আইপিএলের মাঝে মলদ্বীপে ঘুরতে যাওয়া... কেপিকে খোঁচা রাহুলের!Image Credit source: PTI

Apr 19, 2025 | 4:20 PM

কলকাতা: এ বারের আইপিএলের (IPL) প্লে অফে ওঠার অন্যতম দাবিদার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সাবালক আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে দিল্লি। তার ৫টিতে জয় অক্ষর প্যাটেলের দলের। আজ, শনিবার আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছেন অক্ষররা। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল লোকেশ রাহুলের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় দিল্লির মেন্টর দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলছেন। তাঁদের থেকে জানতে চেয়েছিলেন, মেন্টরের ভূমিকা কী। সেখানে রাহুল হাসতে হাসতে খোঁচা দেন কেপিকে।

দিল্লি ক্যাপিটালসের এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে টাইটান্সের অধিনায়ক শুভমন গিলের সঙ্গে কথা বলছেন, দিল্লির মেন্টর কেভিন পিটারসেন। সেখানে কেপি মজার ছলে শুভমনকে জিজ্ঞাসা করেন, ‘মেন্টরের ভূমিকা ঠিক কী?’

কেপির ওই প্রশ্ন শুনে পাশে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুল সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘মেন্টর তো তিনি, যে আইপিএলের মাঝামাঝি সময়ে মলদ্বীপে সপ্তাহ দুয়েকের জন্য ছুটি কাটাতে যায়।’ রাহুলের এই কথা শুনে সকলে হেসে ওঠেন। পিটারসেনও নিজে হাসতে থাকেন।

উল্লেখ্য, ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের জয়ের পর ব্যক্তিগত কারণে মলদ্বীপে গিয়েছিলেন কেভিন পিটারসেন। যে কারণে তিনি ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির ম্যাচে ডাগ আউটে ছিলেন না। এ বার রাহুল তাঁর জন্য কেপিকে খোঁচা দিয়েছেন, নাকি মজার ছলেই বলেছেন এ কথা, তা নিয়ে আলোচনা হচ্ছে নেটিজ়েনদের মধ্যে।

Follow Us