
কলকাতা: আর কয়েক দিন পর শুরু হবে ১৭তম আইপিএল (IPL)। তার আগে ফেরা যাক অতীতে। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই টিমের ক্যাপ্টেন ছিলেন শেন ওয়ার্ন। পিঙ্ক আর্মি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমে বেশ চমক দেখান তাদের এক তরুণ। সালটা ২০০৯। ১৮ বছরের এক তরুণের হাতে শেন ওয়ার্ন বল তুলে দিতে দ্বিতীয় বার ভাবেননি। সেই তরুণ ক্রিকেটারও সকলকে চমকে দেন। মাস দু’য়েকের আইপিএল টুর্নামেন্ট অনেক ক্রিকেটারকে রাতারাতি হিরো বানিয়ে দেয়। আবার কেউ কেউ আশা জাগিয়েও চিরতরে হারিয়ে যান। এমনই এক ক্রিকেটার কামরান খান (Kamran Khan)। আইপিএলের প্রথম সুপার ওভারের হিরো তিনি। এখন সেই তিনিই টেনিস বলে খেপ খেলে বেড়ান।
কপালে থাকলে সুখ, আটকাতে পারবে না কেউ। ২০০৯ সালে রাজস্থানের টিম ডিরেক্টর ড্যারেন বেরি স্কাউট ক্যাম্প থেকে কামরন আকমলকে আবিষ্কার করেন। ঘণ্টায় ১৪০ কিমি গতিবেগে অদ্ভুত অ্যাকশনে বল করতেন ভারতের ওই পেসার। সেই তিনি এক বিশেষ কারণে পরিচিত। আইপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার করা বোলার কামরান। কেকেআরের বিরুদ্ধে কামরান খান ২০০৯ সালে প্রথম সুপার ওভারে বল করে দলকে জিতিয়েছিলেন। আইপিএল নাম, যশ, খ্যাতি এবং পরিচিতি দেয় একাধিক উঠতি ক্রিকেটারকেও। সেই কামরান খান বর্তমানে অবশ্য শুধুই ক্রিকেটে যুক্ত নন। আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন কামরান খান। এক সময় কিংবদন্তি শেন ওয়ার্ন যে কামরান খানের প্রশংসা করতেন, সেই তিনি এখন দিন কাটানোর জন্য টেনিস বলে খেপ খেলেন।
উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন তিনি। জাতীয় দলে কখনও খেলার সুযোগ পাননি। রাজস্থানে তিনি থাকার সময় শেন ওয়ার্ন ভীষণ পছন্দ করতেন তাঁকে। ২টো মরসুম আইপিএলে খেলার পর রাজস্থান থেকে ২০১১ সালে উত্তরপ্রদেশের বাঁ হাতি ব্যাটার পুনে ওয়ারিয়র্সে যান। তারপর আর সুযোগ পাননি। উত্তর প্রদেশের হয়ে ২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কামরান। পেটের দায়ে এক সময় ক্ষেতে কাজও করেছেন। কাঠ মিস্ত্রীর কাজও করেছেন। আর এখন পরিস্থিতি এতটাই জটিল যে দিন কাটানোর জন্য টেনিস বলে খেপ খেলে বেড়ান।