AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy : সামির দাপটে ধস ভূস্বর্গে, প্রশংসা সৌরভের!

এর আগে তাঁর শ্রেষ্ট বোলিং পরিসংখ্যান ছিল ৭৯/৭। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকর স্টেডিয়ামে ২০১২ সালে নিয়েছিলেন ৭ উইকেট। ছিল একটি হ্যাটট্রিকও। আজ পেলেন ৮টি। তাঁর সৌজন্যেই সেমিফাইনালে ২৬ রানের লিড পেল বাংলা।

Ranji Trophy : সামির দাপটে ধস ভূস্বর্গে, প্রশংসা সৌরভের!
Image Credit: CAB Media
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 6:51 PM
Share

কলকাতা : কল্যাণীতে তখন সবে শেষ হয়েছে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস। দুই নির্বাচক অজয় রাত্রা ও শিবসুন্দর দাস মাঠে ঘুরছিলেন। তাঁদের ঘিরে ধরে সমর্থকদের আবদার,”এবার তো সামিকে দলে নিন ?” প্রশ্ন করাটাই স্বাভাবিক। আর কত নিজেকে প্রমাণ করবেন সামি ? আজ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে সামি পেলেন ৮ উইকেট। ২ উইকেট মুকেশ কুমারের। কার্যত তাঁর সামনেই গুটিয়ে গেলেন আকিব নবিরা। প্রথম ইনিংসে বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু অল আউট ৩০২ রানে। দীর্ঘদিন জাতীয় দলে নেই সামি। আইপিএল হোক বা রঞ্জি – ক্রমাগত ভাল বোলিং করলেও জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য। এই রঞ্জি ট্রফিতেও ৭ ম্যাচে ৩৬ উইকেট হয়ে গেল তাঁর। ৯০ রান দিয়ে ৮ উইকেট নিয়ে একাই ভাঙলেন জম্মু ইনিংসের মেরুদণ্ড।

এর আগে তাঁর শ্রেষ্ট বোলিং পরিসংখ্যান ছিল ৭৯/৭। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হোলকর স্টেডিয়ামে ২০১২ সালে নিয়েছিলেন ৭ উইকেট। ছিল একটি হ্যাটট্রিকও। আজ পেলেন ৮টি। তাঁর সৌজন্যেই সেমিফাইনালে ২৬ রানের লিড পেল বাংলা। এরপরেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আর কতদিন জাতীয় দলে ব্রাত্য থাকতে হবে সামিকে ? তাঁর একার বোলিং ফিগার ২২.১-৩-৯০-৮। বাকি বোলাররা পেয়েছেন মাত্র ২টি উইকেট। জাতীয় দলে বহুদিন ধরেই উপেক্ষিত সামি। বাদ পড়েছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও। রঞ্জির সবথেকে চর্চিত বোলার আকিব নবি প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি খেলেছেন ৫৪ বলে ৪২ রানের ইনিংস। তিনি ও যুধবীর সিং খেলেছেন যোগ করেছেন ৬৪ রান। তাঁরা না থাকলে হয়ত আরও আগে শেষ হয়ে যেত জম্মুর ইনিংস।

তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন,”সামি জাতীয় দলেরই যোগ্য। তাঁর জাতীয় দলেই খেলা উচিত। এই বয়সে এসে তাঁর আর কোনও কিছু আলাদা করে প্রমাণ করার নেই।” এই একই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। আর কবে জাতীয় দলে ফিরবেন সামি ? আদৌ কি ভারতীয় দলের নির্বাচকরা ভাবছেন তাঁর কথা ? কোয়ার্টার ফাইনালেই তাঁর সঙ্গে গভীর আলোচনায় দেখা গিয়েছিল নির্বাচক আর পি সিংহকে। তবুও শিকে ছেঁড়েনি তাঁর ভাগ্যে। অজিত আগরকর কি রঞ্জির খবর রাখেন না ? প্রশ্ন করছেন নেটিজেনরা।

অবশ্য সামির আগুনে বোলিং সত্ত্বেও বেকায়দায় বাংলা। ২৬ রানের লিড নিয়ে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে গিয়েছে বাংলা। ১২৬ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে জম্মুর স্কোর ৪৩/২। জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৩ রান। আগামীকাল যদি প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও আগুনে পারফরম্যান্স সামি করেন, তাহলে হারা ম্যাচ জিতিয়ে আবার শিরোনামে চলে যাবেন তিনি। না হলে ইতিহাসে প্রথমবার রঞ্জির ফাইনাল খেলবে জম্মু ও কাশ্মীর।