India vs Pakistan : পাক দলের হুঙ্কারে মধ্যমণি তারিক!

ইতিমধ্যেই চর্চায় রয়েছেন পাক মিস্ট্রি স্পিনার উসমান তারিক। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ম্যাচ সংখ্যা ৪ হলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা চলছেই। অনেকেই তাঁকে 'চাকার' বোলার বলা শুরু করলেও এই তারিকই সপ্তাহান্তে পাকিস্তানের জয়ের বড় দাবিদার হয়ে উঠতে পারেন।

India vs Pakistan : পাক দলের হুঙ্কারে মধ্যমণি তারিক!
Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 12, 2026 | 5:44 PM

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেও মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে পাক দল। এই ঘটনায় মুখ পুড়েছে পাক ক্রিকেট বোর্ডের প্রধানের। তার মধ্যেই ভারত ম্যাচের আগে রীতিমতো হুঙ্কার দিয়েছে পাকিস্তান দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাক ম্যাচের ফল ৭-১। পাকিস্তান একটাই ম্যাচ জিতেছিল ২০২১ সালে। রবিবার মাঠে নামার আগেই বিপক্ষের প্রতি হুঙ্কার দিয়ে রেখেছেন পাক ক্রিকেটাররা। গ্ৰুপ এ-তে এক নম্বরে পাকিস্তান। আজ নামিবিয়া ম্যাচ জিতলে ভারত চলে যাবে এক নম্বরে। তার মধ্যেই পাকিস্তানের এই হুঙ্কার শোরগোল ফেলেছে ক্রিকেট জগতে।

ইতিমধ্যেই চর্চায় রয়েছেন পাক মিস্ট্রি স্পিনার উসমান তারিক। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ম্যাচ সংখ্যা ৪ হলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা চলছেই। অনেকেই তাঁকে ‘চাকার’ বোলার বলা শুরু করলেও এই তারিকই সপ্তাহান্তে পাকিস্তানের জয়ের বড় দাবিদার হয়ে উঠতে পারেন। কয়েকদিন আগেই তাঁর বলে ক্যামেরন গ্রিন আউট হয়ে বল ছোঁড়ার অভিযোগ করেছিলেন। এই নিয়ে সরব ভারতীয় প্রাক্তন বোলাররাও। আইসিসির নিয়ম বলছে,”কোনো বোলার যদি ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙেন, তাহলেই সেই বোলারকে চাকার হিসেবে গণ্য করা হবে।” তারিকের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তাঁর দুইটি কনুই রয়েছে। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়, ‘হাইপারমোবাইল এলবো’। একই অভিযোগে বারবার বদল করা হয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরালিধরনের বোলিং অ্যাকশনও।

নিজেকে নিয়ে চর্চার প্রসঙ্গ টেনে তারিক বলেছেন,”ওরা ভয় পাচ্ছে বলেই আমাকে নিয়ে চর্চা করছে। এতে ওদের নিজেদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। আমরা এসব বিষয় নিয়ে ভাবতে রাজি নই। রবিবারের ম্যাচে আমাদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। তার আগে ভারতকে হারাতে পারলে সোনায় সোহাগা হবে দলের জন্য।” উল্টোদিকে, তারিকের পাশে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন বলেছেন,”আইসিসি বোলিং অ্যাকশন টেস্টিং সেন্টারে তাঁর অ্যাকশনের আইনি বৈধতা পরীক্ষা করা যেতে পারে। বল করার সময় বোলারকে তাঁর কনুই সোজা রাখতে হয় এবং বোলার সেই ১৫ ডিগ্রির চিহ্নের মধ্যে বোলিং করছেন কিনা এটা অনফিল্ড আম্পায়ারের পক্ষে নির্ধারণ করা অসম্ভব। একমাত্র সমাধান হল ‘রিয়েল টাইম টেস্টিং টুল’ থাকা। আমি মনে করি, ক্রিজে থামা বৈধ।” হয়তো অশ্বিনকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তারিক। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ইংল্যান্ডের শেষ বলে জিততে প্রয়োজন ছিল ৬ রান। শেষ বল করার সময় অশ্বিনও থেমে বল করেছিলেন।

শেষ সাক্ষাতে এশিয়া কাপের ফাইনালে ভারত উড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই নিয়ে পাক ওপেনার শাহিবজাদা ফারহান সতর্ক থাকলেও রবিবার নিজেদেরই এগিয়ে রাখছেন তিনি। পাক খেলোয়াড়দের এই হুঙ্কার দেখে আশা করা যায়, মাঠে না হলেও মাঠের বাইরের যুদ্ধ বহু আগেই শুরু হয়ে গিয়েছে।