T20 World Cup : পাকিস্তানের মুখে নামার আগেই সুপার এইট নিশ্চিত করতে আজ মাঠে সূর্যরা!
ভারতীয় দলের জন্য একই সঙ্গে আশা এবং আশঙ্কা থাকছে। পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। ছাড়া পেলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন বাঁ হাতি ওপেনার। তাঁর অনুপস্থিতিতে ঈশানের সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে অসুস্থতার জন্য ছিলেন না বুমরাও। তিনিও সুস্থ হয়ে মাঠে ফিরেছেন।

কলকাতা : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি ভারত ও নামিবিয়া। সাধারণত, দিল্লিতে এই মুহূর্তে হালকা শীতের আমেজ থাকলেও ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে ভারত তাকিয়ে আছে তাদের তিন মূল যোদ্ধা – ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা এবং জসপ্রীত বুমরার দিকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় টপ অর্ডার। অধিনায়কের ব্যাটে ভর করে ম্যাচ উতড়েছে ভারতীয় স্কোয়াড। দিল্লিতে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই আশাতেই রয়েছেন গুরু গম্ভীর। এতেই শেষ নয়। পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ওই ম্যাচে নামার আগেই সুপার এইট নিশ্চিত করার ভাবনাও রয়েছে গম্ভীরের।
ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড এই মুহূর্তে অধিনায়ক সূর্য। গত ম্যাচে সূর্যের হাতেই ছিল ভারতের জয়ের রশি। তাঁর ইনিংসের সৌজন্যেই আমেরিকাকে হারিয়েছে ভারত। তাঁর বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হতে পারেন নামিবিয়ার বাঁ-হাতি স্পিনার বার্নার্ড স্কোল্টজ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ২৭ রান দিয়েছিলেন স্কোল্টজ। ভারতীয় দলকেও বেঁধে রাখতে চাইবেন তিনি। দিল্লির পিচ বিকেলের দিকে সহজ হতে পারে। কিন্তু রাত বাড়লে বাইশ গজ মন্থর হয়ে যেতে পারে। ভারতীয় বোলাররা চাইবে নামিবিয়া প্রথমে ব্যাট করলে তাদের যত সম্ভব কম রানে থামানো। এর ফলে ভারত রানরেটে যথেষ্ট এগিয়ে থাকবে।
ভারতীয় দলের জন্য একই সঙ্গে আশা এবং আশঙ্কা থাকছে। পেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। ছাড়া পেলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন বাঁ হাতি ওপেনার। তাঁর অনুপস্থিতিতে ঈশানের সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে অসুস্থতার জন্য ছিলেন না বুমরাও। তিনিও সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। আশা করা হচ্ছে, আজকের ম্যাচে তাঁকেও পাবে ভারত। ভারতীয় দল বর্তমানে টি-টোয়েন্টিতে টানা ৯টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে। অন্যদিকে, নামিবিয়ার কাছে সুযোগ, ভারতের জয়ের আশায় একটু হলেও জল ঢেলে দেওয়ার। নামিবিয়াকে জায়ান্ট কিলার বলা যাবে না। তবে গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল তারা। সেই অতীত বিশ্বকাপের মঞ্চে ফিরে দেখতে চান নামিবিয়ার ক্রিকেটাররা।
টি-টোয়েন্টিতে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছে ভারত। নামিবিয়া প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপে পড়েছে। এই মুহূর্তে, গ্ৰুপ এ-র শীর্ষে পাকিস্তান। টানা দুই ম্যাচ জিতেছেন বাবররা। আজ জিতলে প্রথম স্থানে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে সূর্যকুমারদের সামনে।
