RCB : মৃতদের স্মরণে স্মৃতি ফলক, আইপিএলের আগে অভিনব উদ্যোগ আরসিবি ও কর্নাটক বোর্ডের!
চিন্নাস্বামীর ঘটনা যেন মনে করিয়েছিল আটের দশকের ইডেন গার্ডেন্সকে। ১৬ অগাস্ট ১৯৮০ সালে ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বি চলাকালীন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১৬ জন মানুষ। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সেই দিনটি 'ফুটবল লাভার্স ডে' বলে পালন করে আইএফএ। সেই একই ঘটনা ঘটেছিল চিন্নাস্বামী স্টেডিয়ামেও।

কলকাতা: ৪ জুন ২০২৫, ভারতীয় ক্রিকেটের জন্য এক কালো দিন হিসেবে গণ্য হয়। ২০২৫ সালের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেলিব্রেশনে ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি প্যারেড চলাকালীন পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন সমর্থক। আহত হয়েছিলেন বহু মানুষ। সেই ঘটনা যেন মনে করিয়েছিল আটের দশকের ইডেন গার্ডেন্সকে। ১৬ অগাস্ট ১৯৮০ সালে ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বি চলাকালীন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১৬ জন মানুষ। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সেই দিনটি ‘ফুটবল লাভার্স ডে’ বলে পালন করে আইএফএ। সেই একই ঘটনা ঘটেছিল চিন্নাস্বামী স্টেডিয়ামেও। ২৮ মার্চ প্রথম ম্যাচে এখানেই খেলতে নামবে আরসিবি। এবার তার আগে শহীদদের স্মৃতিরক্ষার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্নাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশন।
আরসিবি ও কর্নাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের (KSCA) যৌথ উদ্যোগে সেই ১১ জনকে শ্রদ্ধা জানানোর বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রবেশ গেটেই ১১ জনের নামাঙ্কিত একটি স্মৃতি ফলক বানানো হবে। ম্যুরালের পাশেই থাকবে সেই ফলক। শুধু আইপিএল নয়, পাকাপাকিভাবেই সেই ফলকটি রাখার পরিকল্পনা করছে KSCA। এর পাশাপাশি গ্যালারিতে ১১টি সিট পাকাপাকিভাবে রিজার্ভ করে রাখা হবে সেই সমর্থকদের স্মৃতির উদ্দেশ্যে। প্রিমিয়াম গ্যালারির ১১টি সিট রাখা হবে তাঁদের জন্য। এমনকি, আন্তর্জাতিক ম্যাচেও অবিক্রিত থাকবে ওই সিটের টিকিট। ভবিষ্যতে চিন্নাস্বামীতে আয়োজিত কোনও ম্যাচেই ওই ১১টি বিশেষ আসন বিক্রি হবে না। এই বিষয়ে KSCA প্রেসিডেন্ট ভেঙ্কটেশ প্রসাদ বলেছেন,”ওই মর্মান্তিক ঘটনার কথা ভাবলেও কষ্ট হয়। আমরা বহুদিন ধরেই কোম্পানির স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। ওই ১১ জন সমর্থককে সন্মান জানানো প্রয়োজন। আমরা সেই খারাপ ঘটনা মনে করতে চাই না, তবে ওঁদের সন্মান জানিয়ে মনে রাখতে চাই। আরসিবিকে ধন্যবাদ এই সাধুবাদের জন্য।”
২৮ মার্চ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আরসিবি ও সানরাইজার্স। সেই ম্যাচেই ১১ জনের প্রতি বিশেষ সন্মান প্রদান করবে আরসিবি। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে মৃতদের স্মৃতিতে। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠবে তাঁদের নাম। এই পদক্ষেপে অংশ নেবে বিপক্ষ দলও। এই খবর শুনে খুশি ক্রিকেট মহল। ২০২৫-এর মতো এই বছরেও আইপিএল ট্রফি জিততে চাইছেন কোহলি, ভুবনেশ্বররা।
