Rohit Sharma: ‘সব পরিস্থিতির জন্য’, বাংলাদেশ ম্যাচের আগে ক্যাপ্টেন রোহিত যা বললেন…
ICC Champions Trophy 2025: বিরাটও হাফসেঞ্চুরি করেছিলেন সিরিজের শেষ ওয়ান ডে-তে। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট এবং চ্যালেঞ্জ আলাদা। এখানে ভুল শোধরানোর সুযোগ নেই বলা ভালো। কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

দীর্ঘ আট বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতের কাছে দুর্দান্ত সুযোগ ক্যাপ্টেন হিসেবে ৫০ ওভারের ফরম্যাটেও আইসিসি ট্রফি জেতার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। যদিও তারপর লাল বলের ক্রিকেটে হতাশায় কেটেছে। সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন। বিরাটও হাফসেঞ্চুরি করেছিলেন সিরিজের শেষ ওয়ান ডে-তে। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট এবং চ্যালেঞ্জ আলাদা। এখানে ভুল শোধরানোর সুযোগ নেই বলা ভালো। কী বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?
ভারতের ম্যাচগুলি হবে দুবাইতে। অন্যান্য দল প্র্যাক্টিস ম্যাচ খেললেও ভারত তা করেনি। পৌঁছে শুরুতে দু-দিন জোরদার অনুশীলন। এরপর একদিন বিশ্রাম। ম্যাচের আগের দিন চূড়ান্ত প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। পরিবেশ-পরিস্থিতি-প্রতিপক্ষ, কোনও কিছু নিয়ে ভাবতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের টিমের উপরই যাবতীয় ফোকাস। দুবাইয়ের আবহাওয়া নিয়েও একই দৃষ্টিভঙ্গি।
ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘যদি মেঘলা আবহাওয়া থাকে, সেই পরিস্থিতির জন্যও আমাদের বোলিং অস্ত্র রয়েছে। ম্যাচের সময় প্রচণ্ড গরম আবহাওয়া থাকলেও সেই পরিস্থিতি কাজে লাগানোর মতো বোলার আমাদের রয়েছে। একই ভাবে ব্যাটিংয়ের ক্ষেত্রেও। প্রত্যেকেই নিজেদের দায়িত্বটা জানে।’ ভারতীয় শিবিরে অবশ্য প্রশ্ন থাকছে স্পিন অপশন নিয়ে। রবীন্দ্র জাডেজা-অক্ষর প্যাটেল নিশ্চিত বলা যায়। আসল লড়াই কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে নিয়ে। মাত্র একটি ওডিআই খেলা বরুণকে নিয়ে কী বলবেন?
ভারত অধিনায়ক বলেন, ‘প্র্যাক্টিসে আমাদের বিরুদ্ধে বৈচিত্র প্রকাশ করে না। অনুশীলনে কার্যত একই ধরনের বোলিং করে। হয়তো নিজের অস্ত্রগুলো নেটে খোলসা করতে চায় না। আমার তো মনে হয় এটা ভালো দিক। কিছু অস্ত্র প্রয়োজনেই ব্যবহার করা উচিত।’ আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাত্র ওয়ান ডে খেললেও ঘরোয়া লিস্ট-এ ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। সেটাই ধাঁধায় রেখেছে।
