Rinku Singh: হঠাৎ কেন রিঙ্কুকে স্পেশাল গিফ্ট শাহরুখের? নয়া সমীকরণে বাড়ছে জল্পনা
IPL 2024, KKR: জয় দিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছেন আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন আন্দ্রে রাসেল। আইপিএলে কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ।

কলকাতা: কেকেআরের (KKR) ম্যাচ মানেই রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে বাড়তি উত্তেজনা থাকে নাইট ভক্তদের। শনি-রাতে ইডেনে অরেঞ্জ আর্মিকে আইপিএলে (IPL) হারিয়েছে কেকেআর। নাইটদের মরসুমের প্রথম ম্যাচের সাক্ষী হতে শাহরুখ খান এসেছিলেন ক্রিকেটের নন্দনকাননে। গ্যালারিতে বসে রাসেল ঝড় দেখেছেন কিং খান। দলের ছেলেদের উদ্বুদ্ধও করেছেন। ম্যাচের শেষে শ্রেয়স, রাসেল, রিঙ্কুদের আলিঙ্গন করেন শাহরুখ। জয়ের জন্য শুভেচ্ছা জানান। রিঙ্কুর জন্য তারপর অপেক্ষা করছিল স্পেশাল গিফ্ট।
আসলে রবিবার দুপুরে রিঙ্কু সিং তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর হবে না-ই বা কেন। কারণ, ওই ছবিতে রয়েছে রিঙ্কুর পুরো পরিবার। এবং সেই ফ্রেমে মধ্যমনি কিং খান। ছবির বাঁ দিকে রয়েছেন রিঙ্কু সিং। তাঁর ঠিক পাশেই শাহরুখ খান। কিং খানের বাম দিকে রয়েছেন রিঙ্কুর বোন নেহা সিং। এবং রিঙ্কুর বোনের পাশে ছিলেন তাঁদের মা এবং বাবা।
View this post on Instagram
ওই ছবির ক্যাপশনে রিঙ্কু সিং লেখেন, ‘যে মানুষটা আমার হৃদয়কে খুশি করে তোলে।’ মাত্র এক ঘণ্টার মধ্যে রিঙ্কু সিংয়ের ওই ইন্সটাগ্রাম পোস্টে প্রায় ২ লক্ষ ১৫ হাজার জন লাইক করেছেন। বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি থেকে শুরু করে প্রচুর ইন্সটাগ্রাম ব্যবহারকারী তাতে কমেন্ট করেছেন। সকলেই আলিগড়ের ছেলে রিঙ্কু সিংকে ভীষণ ভালোবাসেন। কেকেআরের মালিক শাহরুখ খানও সেই তালিকায় রয়েছেন। তাই রিঙ্কুর সঙ্গে তাঁর সমীকরণ কেকেআরের ভক্তদের জানা। রিঙ্কুর প্রতি নিপাট ভালোবাসা থেকেই তাঁর পরিবারের সঙ্গে ছবি তুলেছেন শাহরুখ খান।
জয় দিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছেন আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন আন্দ্রে রাসেল। আইপিএলে কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ।
