ICC Champions Trophy 2025: মিনি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার ‘সাইলেন্ট হিরো’-কে কুর্নিশ রোহিত শর্মার

Team India: অপাত্রে হয়নি বিনিয়োগ। সুযোগ পেতেই তা প্রমাণ করেছেন দেশের এক তারকা ক্রিকেটার। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা যে কারণে সেই প্লেয়ারকে কুর্ণিশ জানিয়েছেন।

ICC Champions Trophy 2025: মিনি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার সাইলেন্ট হিরো-কে কুর্নিশ রোহিত শর্মার
মিনি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার 'সাইলেন্ট হিরো'-কে কুর্ণিশ রোহিত শর্মারImage Credit source: PTI

Mar 10, 2025 | 3:37 PM

দুবাই: অপাত্রে হয়নি বিনিয়োগ। সুযোগ পেতেই তা প্রমাণ করেছেন দেশের এক তারকা ক্রিকেটার। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা যে কারণে সেই প্লেয়ারকে কুর্ণিশ জানিয়েছেন। একইসঙ্গে ওই ক্রিকেটারকে ‘সাইলেন্ট হিরো’ বলেও আখ্যা দিয়েছেন রোহিত। এত কথা হচ্ছে কোন ক্রিকেটারকে নিয়ে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের নিশ্চিতভাবে জানতে মন চাইবে। উত্তরটা অনেকেরই হয়তো জানা। তিনি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের হয়ে সর্বাধিক রান স্কোরার তিনি।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন শ্রেয়স আইয়ার। তাতে ৪৮.৬০ গড়ে করেছেন ২৪৩ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরি। কিউয়িদের বিরুদ্ধে মিনি বিশ্বকাপ ফাইনালে ৪৮ রান করেন শ্রেয়স। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত তাঁকে প্রশংসায় ভরান। শ্রেয়স প্রসঙ্গে রোহিত বলেন, “এই টুর্নামেন্ট জুড়ে শ্রেয়স আইয়ার ছিল আমাদের সাইলেন্ট হিরো। ও মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ব্যাটারের সঙ্গে ও গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছে।”

টুর্নামেন্টের ফাইনালে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারানোর পর টিম ইন্ডিয়া খানিক চাপে পড়েছিল। এরপর শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের জুটি টিমকে জয়ের দিকে এগিয়ে দেয়। এ বারের মিনি বিশ্বকাপে শ্রেয়স সত্যিকার অর্থেই টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টরের দায়িত্ব পালন করেছেন। এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রেয়স আইয়ার সম্প্রচারকারী চ্যানেলে বলেছিলেন, “অসাধারণ অনুভূতি হচ্ছে। আমার প্রথম আইসিসি ট্রফি। আমি চাপের মুখে খেলতে ভালোবাসি। সেই সময় মুহূর্তগুলো পছন্দ করি। দলের প্রয়োজনে এবং জয়ে অবদান রাখতে পেরে খুশি।”

গত বছর ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য না দিয়ে, শৃঙ্খলাভঙ্গের কারণে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স। তবে এরপর ধারাবাহিক পারফর্ম করে নিজের জায়গা টিমে ধরে রেখেছেন। যে কারণে ক্রিকেট মহলে আলোচনা করা হচ্ছে, আবার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে জায়গা পাওয়ার পথে শ্রেয়স।

Loading...
Unable to load recommendations.
Follow Us