T20 World Cup : পর পর দুটো সুপার ওভার, হেরেও মন জিতলেন গুরবাজ!

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এর আগে বহু নাটক দেখেছে। দেখেছে ১৯ শে নভেম্বর ২০২৩এর সেই অন্ধকার রাত, যে দিন ভারতের অশ্বমেধের ঘোড়াকে রীতিমত আত্মসমর্পণ করিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজ দেখল আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ।

T20 World Cup : পর পর দুটো সুপার ওভার, হেরেও মন জিতলেন গুরবাজ!
Image Credit source: Surjeet Yadav-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 11, 2026 | 7:21 PM

কলকাতা : রহমানউল্লাহ গুরবাজের সামনে সুযোগ ছিল ২০১৬ সালের কার্লোস ব্রাথওয়েট হয়ে ওঠার। সে দিন ইডেন গার্ডেন্সে জন্ম হয়েছিল এক নতুন তারকার। বেন স্টোকসকে টানা ৪ বলে ৪ ছয় মেরে একাই ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ব্রাথওয়েট। চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলেন গুরবাজ। তাঁর একার লড়াই মন জিতে নিল ক্রিকেট প্রেমীদের। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হারল আফগানিস্তান। টানা দুটো সুপার ওভারে টানটান উত্তেজনার পর আফগানদের হারালেন মার্কব়্যাম। সেই সঙ্গে সুপার এইটের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এর আগে বহু নাটক দেখেছে। দেখেছে ১৯ শে নভেম্বর ২০২৩এর সেই অন্ধকার রাত, যে দিন ভারতের অশ্বমেধের ঘোড়াকে রীতিমত আত্মসমর্পণ করিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজ দেখল আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ। টসে জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানরা। শুরুতেই আউট হয়ে যান অধিনায়ক মার্কব়্যাম। এরপর প্রোটিয়াদের বড় রানের পাহাড় গড়তে সাহায্য করেন রায়ান রিকলটন এবং কুইন্টন ডি’কক। দু’জনের অর্ধশতরানের সৌজন্যে বড় রান ওঠে দক্ষিণ আফ্রিকার। চলেননি ‘বেবি এবি’। মাত্র ১৯ বলে ২৩ করে আউট হয়ে যান ডিওয়াল্ড ব্রেভিস। একই ওভারে দুই উইকেট পেয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান। তিন উইকেট পেয়েছেন আজমাতউল্লাহ ওমরজাই।

১৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে শুরু থেকেই মারকুটে ইনিংস খেলতে থাকেন প্রাক্তন নাইট তারকা গুরবাজ। ৪২ বলে ৮৪ রান করেছেন তিনি। শেষের দিকে পর পর উইকেট হারাতে থাকে আফগানরা। তিন উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি। শেষ ওভারে আফগানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ২ বল বাকি থাকতেই ১০ উইকেট পড়ে যায় আফগানদের। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৭ রান তোলে আফগানিস্তান। শেষ বলে ৬ মেরে দক্ষিণ আফ্রিকাও ১৭ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় সুপার ওভারে ২৩ রান তোলে প্রোটিয়ারা। বল করতে আসেন কেশব মহারাজ। একসময় আফগানদের জয়ের জন্য দরকার ছিল ৪ বলে ২৪ রান। প্রথম তিনটি বলে তিনটি ৬ মারলেও শেষ বলে ক্যাচ আউট হয়ে যান গুরবাজ। সুপার ওভারে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট সত্যিই এক বলের খেলা। নাহলে পর পর দুটো সুপার ওভার দেখে আহমেদাবাদ ? প্রথম সুপার ওভারে শেষ বলে আফগানদের ক্যাচ মিস হয় ? রহমানউল্লাহ গুরবাজ অমন অতিমানবিক ইনিংস খেলেও ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান ? আহমেদাবাদ যেন নীল জার্সির জন্য সত্যিই অভিশাপ !