Rinku Singh : আইপিএলের আগেই সরকারি চাকরি, বড় দায়িত্বে রিঙ্কু সিং!
আজই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে এই পদের ঘোষণা করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, হকি, প্যারালিম্পিকের মতো ক্রীড়ার নানা ক্ষেত্রে বিভিন্ন খেলোয়াড়কে পুরস্কৃত করবে উত্তরপ্রদেশ সরকার। জীবনে এই ওঠাপড়ার মাঝেই রিঙ্কুকে আবার এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।

কলকাতা: ক্রিকেটের ময়দানে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রিঙ্কু সিংকে এবার দেখা যাবে অন্য ভূমিকায়। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে তাঁকে দেওয়া হচ্ছে সরকারী চাকরি। কয়েকদিন পরেই নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে নামবেন রিঙ্কু। তার আগেই তাঁকে দেওয়া হল এই নতুন সরকারি পদ। উত্তরপ্রদেশ সরকার তাঁকে রিজিওনাল স্পোর্টস অফিসার পদে নিয়োগ করেছে, যেখানে তিনি খেলার উন্নতি স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। আজ লখনৌতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিঙ্কুকে এই পদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
আজই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে এই পদের ঘোষণা করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, হকি, প্যারালিম্পিকের মতো ক্রীড়ার নানা ক্ষেত্রে বিভিন্ন খেলোয়াড়কে পুরস্কৃত করবে উত্তরপ্রদেশ সরকার। রিজিওনাল স্পোর্টস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে রিঙ্কুকে। মাস গেলে তিনি বেতন পাবেন ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনের আধারে এই বেতন পাবেন রিঙ্কু। কিন্তু সামনে আইপিএল থাকায় এখনই নতুন পদে যোগ দিতে পারবেন না তিনি। আইপিএল শেষে নতুন দায়িত্বে দেখা যাবে রিঙ্কুকে। আপাতত কলকাতায় দলের সঙ্গে রয়েছেন রিঙ্কু। আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। ভারতের হয়ে ভাল খেলার পুরস্কার হিসেবে বেশ কিছু খেলোয়াড়কে চাকরি দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। রিঙ্কু ছাড়াও প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি দলের সদস্য রাজকুমার পালকে পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হয়েছে। প্যারিস প্যারালিম্পিকে হাই জাম্পে স্বর্ণপদক জয়ী প্রবীণ কুমারকেও ডেপুটি ডিএসপি পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রতিযোগিতায় জ্যাভলিনে রুপোজয়ী অজিত সিংকে করা হয়েছে জেলা পঞ্চায়েত রাজ অফিসার। একই পদ পেয়েছেন প্যারালিম্পিকে ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী সিমরন। এছাড়া ১০০ ও ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী প্রীতি পালকে বিডিও পদে নিযুক্ত করা হয়েছে।
বিশ্বকাপের মাঝেই পিতৃবিয়োগ হয়েছেন তাঁর। প্রতিযোগিতা চলাকালীন বাবার শেষকৃত্যে যোগ দিতে বাড়ি ফিরেছিলেন তিনি। বিশ্বকাপ জিতে বাবাকেই নিজের বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করেছিলেন রিঙ্কু। আবার ফিরে গিয়েছিলেন ভারতীয় স্কোয়াডে। জীবনে এই ওঠাপড়ার মাঝেই রিঙ্কুকে আবার এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।
