Cristiano Ronaldo Retirement: যুগের অবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
CR7: ২০০৬-২০২৬, বিশ্বকাপে বারবার তীরে এসে তরী ডুবে গিয়েছে। সেই খেদ নিয়েই সরে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনাল্ডো। একই সঙ্গে শেষ হয়ে গেল গোট ডিবেট। ২০০৬-২০২৪, অবশেষে যাত্রা থামল।

কলকাতা: কেরিয়ারে সব পেয়েছেন তিনি। ক্লাবের হয়ে একাধিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর। কিন্তু যে ট্রফি পাওয়া নিয়ে বছরের পর বছর চর্চা হয়েছে তাঁকে নিয়ে, সেই বিশ্বকাপ পাননি তিনি। ২০০৬-২০২৬, বারবার তীরে এসে তরী ডুবে গিয়েছে। সেই খেদ নিয়েই সরে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনাল্ডো। আর কোনওদিন পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে না এই মহাতারকাকে। একই সঙ্গে শেষ হয়ে গেল গোট ডিবেট। তাঁর চির প্রতিদ্বন্দ্বী মেসি দেশের জার্সিতে বিশ্বকাপ পেয়েছেন, রোনাল্ডো পেলেন না।
২৩ বছরের আন্তর্জাতিক ফুটবলের সফরকে আজ বিদায় জানালেন তিনি। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানালেন ৪১ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ড গড়লেও বিশ্বকাপ থেকে লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাননি। এমনকি, নেশন্স লিগের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে তাঁকে সাসপেন্ড করে পর্তুগাল ফেডারেশন। ফলে, মনে নেই শেষ কবে কোন মহাতারকা আন্তর্জাতিক দল থেকে সাসপেন্ড হয়ে অবসর নিয়েছেন।
একটি ভিডিও পোস্ট করে রোনাল্ডো বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া আমার কাছে সহজ সিদ্ধান্ত ছিল না। জাতীয় দলের হয়ে মাঠে আমার যাত্রা শেষ হচ্ছে। পর্তুগালের জন্য নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছি। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। ৭ নম্বর জার্সি অন্য কেউ পরলেও সেই জার্সি গায়ে দেওয়ার গর্ব আমার কাছে চিরকাল থাকবে। পর্তুগালও সব সময় আমার হৃদয়ে থাকবে।”
কোচের সঙ্গে বিতর্ক-
বারবার কোচের সঙ্গে বিবাদে জড়িয়েছেন রোনাল্ডো। ২০২২ সালের বিশ্বকাপে তাঁকে না খেলিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। ২০২৬ বিশ্বকাপেও বিতর্ক কম হয়নি। রবার্তো মার্টিনেজ তাঁকে কেন পুরো ম্যাচ না খেলিয়ে তুলে নিচ্ছেন, এই প্রশ্ন করে সরব হয়েছিলেন রোনাল্ডো। নয়া কোচ জর্জে জেসুস এসেও বিশেষ সুবিধা হয়নি। দল ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁকে ব্যান করে পর্তুগাল দল। আর সেই ব্যান খোলার কোনও প্রয়োজনীয়তা থাকল না। কারণ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সবকিছুর উর্ধ্বে চলে গেলেন তিনি।
দেশের জার্সিতে রেকর্ড-
দেশের জার্সিতে ২০০৩ থেকে মোট ২৩ বছর খেললেন তিনি। ২০০৪ সালে ইউরো কাপের ফাইনালে খেলেছিল পর্তুগাল। সেই দলে ছিলেন ১৯ বছরের রোনাল্ডো। এরপর ২০০৬ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো সেমিফাইনালেও পৌঁছেছিল দল। ২০১৬ সালে ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে ইউরো জিতেছিল পর্তুগাল। ওই ম্যাচে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোনাল্ডো। এরপর ২০১৯ সালে প্রথমবার উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ২০২৫ সালে স্পেনকে হারিয়ে শেষবার নেশন্স লিগ ঘরে আসে পর্তুগালের। সেই ফাইনালেও গোল করেছিলেন তিনি।
দেশের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। করেছেন ১৪৬টি গোল। আর ৪ গোল করলেই ১৫০ গোল করে ফেলতেন তিনি। কিন্তু এরপর থেকে আর ৭ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে না রোনাল্ডোকে। অন্য কেউ হয়তো মঞ্চ মাতাবেন কিন্তু রোনাল্ডো আর আসবেন না। বিশ্বকাপ ট্রফি না জিতেই আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন সিআর সেভেন।
